লালপুরে হ্যাকিং চক্রের ৬ সদস্য আটক

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পিএম

নাটোরের লালপুরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং প্রতারণার অভিযোগে একটি চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত নয়টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও বিভিন্ন কোম্পানির ৬৮টি সিমকার্ড জব্দ করা হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ২টা ২০ মিনিটের দিকে উপজেলার মোহরকয়া (৭ নম্বর ওয়ার্ড) গ্রামের মো. ওহিদুল মোল্লার টিনশেড বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মোহরকয়া গ্রামের মৃত রব্বেল মোল্লার ছেলে মো. ওহিদুল মোল্লা (৩২), একই গ্রামের মো. জহুরুল ইসলামের ছেলে মো. সাব্বির হোসেন (২৩), মোহরকয়া ভাঙ্গাপাড়া গ্রামের মৃত বেলাল আলীর ছেলে মো. মোতাকাব্বির আলী (২৩), বিলমাড়িয়া গ্রামের মৃত কফের আলীর ছেলে মো. শুকুর আলী (৫০), রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের মো. সামাদ মন্ডলের ছেলে মো. মুক্তার আলী (৩৪) এবং লালপুরের পানসিপাড়া গ্রামের মো. আতাহার প্রামাণিকের ছেলে মো. আলামিন (২৩)।

পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার এসআই মো. আল মাসুমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মোহরকয়া গ্রামের ওই বাড়িতে অভিযান পরিচালনা করেন।

এ সময় ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং প্রতারণার কাজে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে নয়টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও বিভিন্ন মোবাইল অপারেটরের ৬৮টি সিমকার্ড উদ্ধার করা হয়।

লালপুর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে লালপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। মামলার পর তাদের মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, লালপুরের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত