গফরগাঁওয়ে ধর্ষণের অভিযোগে বাড়িতে হামলা

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ এএম

ময়মনসিংহের গফরগাঁওয়ে এক প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে অভিযুক্তদের বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার চরআলগী ইউনিয়নের চর কালিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। তবে ভাঙচুরের আগে বাড়ির লোকজনকে সরিয়ে নেওয়ায় এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে ৯টার দিকে একদল বিক্ষুব্ধ জনতা অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর শুরু করে। এ সময় কয়েকটি বসতঘরের বেড়া ও চালের টিন ভাঙচুর করা হয়। পরে খুলে নেওয়া টিন বাড়ির পাশে স্তূপ করে রাখা হয়।

স্থানীয় বাসিন্দারা বলেন, অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়। পরে বিক্ষুব্ধ লোকজন অভিযুক্তদের বাড়িঘরে ভাঙচুর করে।

এদিকে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে গতকাল বিকেলে গফরগাঁও-নান্দাইল সড়কের কালীবাড়িচরে সর্বস্তরের জনতার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল কাইয়ূম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সায়েম, চরআলগী ইউনিয়ন বিএনপির সাবেক সম্পাদক জিল্লুর রহমান মাস্টার, শরিফুল ইসলাম ফরাজি সুমন, উপজেলা যুব খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ প্রমুখ। বক্তারা বলেন, আসামিরা গ্রেপ্তার না হওয়ায় ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে উপজেলার চরআলগী ইউনিয়নের চর কালিবাড়ী এলাকায় এক প্রবাসীর বাড়িতে এক নারীকে তার স্কুলপড়ুয়া ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। একই ঘটনায় ভিডিও ধারণের অভিযোগও করা হয়েছে।

ঘটনায় রাতেই পুলিশ রাজিব নামে একজনকে গ্রেপ্তার করে। পরে গত শুক্রবার রাতে ওই নারী বাদী হয়ে গফরগাঁও থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। গফরগাঁও থানার ওসি মনিরুজ্জামান শেখ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার ও ফোর্স পাঠিয়েছি। যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে থানা পুলিশ সতর্ক রয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে বলেও জানিয়েছেন তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত