প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ল বাস ভাড়া

ট্রেনের ভাড়া বাড়ছে না

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ এএম

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ার পর প্রতি কিলোমিটারে বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয় ও পরিবহন মালিকদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম  মহানগরে প্রতি কিলোমিটারে বাস ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা করা হয়েছে।

এর আগে গত সোমবার বাস মালিক সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করে দূরপাল্লার বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২০ পয়সা এবং শহরের ভেতরে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ)। গতকাল বৈঠকে এই প্রস্তাব পর্যালোচনা করে কিলোমিটারপ্রতি বাসের নতুন ভাড়া চূড়ান্ত করা হয়।

বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের বলেন, জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ার কারণে পরিবহন মালিকরা প্রচলিত হিসাব অনুযায়ী কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি করেছিলেন। জনস্বার্থ ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় ১৭ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘যেকোনো ভাড়া বৃদ্ধি জনগণের জন্য চাপ। কিন্তু পরিস্থিতি বিবেচনা করে জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে ভাড়া যতটা বেড়েছে তা যৌক্তিক পর্যায়ে কম রাখার চেষ্টা করা হয়েছে।’

জ্বালানি তেলের দাম বাড়লেও আপাতত ট্রেনের ভাড়া বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে সাংবাদিকদের জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তবে নৌযানের ভাড়া নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। শেখ রবিউল আলম বলেন, গতবার জ্বালানি তেলের দাম বাড়ার পরও ট্রেনের ভাড়া বাড়ানো হয়নি। এবারও এখন পর্যন্ত ট্রেনের ভাড়া বাড়ানোর চিন্তা নেই। তবে আগামী পরশুদিন এ বিষয়ে একটি বৈঠক ডাকা হয়েছে। সেখানে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। লঞ্চের ভাড়া প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি ওই বৈঠকে বিবেচনায় আসবে। নৌযান মালিকদের সঙ্গে আলোচনা করে জ্বালানির দাম বাড়ার কারণে তাদের খরচ কতটা বেড়েছে এবং কতটা সমন্বয় করা সম্ভব, তা দেখা হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, সরকারি হিসাবে ভাড়া ২০ পয়সা বাড়ার কথা থাকলেও জনস্বার্থ বিবেচনায় ৩ পয়সা কম নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, মালিকরা বিআরটিএর সঙ্গে বসে এ বিষয়ে চুক্তি করবেন।

প্রসঙ্গত, গত এপ্রিলের তৃতীয় সপ্তাহে ডিজেলের লিটারে ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা, অকটেন ১২০ থেকে ১৪০, পেট্রোল ১১৬ থেকে ১৩৫ এবং কেরোসিন ১১২ টাকা থেকে বাড়িয়ে ১৩০ টাকা করা হয়েছিল। সে সময় জ্বালানি তেলের দাম বাড়ার পর বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা করে বাড়ানো হয়েছিল। ফলে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৫৩ পয়সায় দাঁড়িয়েছিল। অন্যদিকে দূরপাল্লার পথে বাস ভাড়া কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে দাঁড়ায় ২ টাকা ২৩ পয়সায়। ফলে পাঁচ মাসের মধ্যে দুইবার জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাস ভাড়া বাড়ানো হলো।

সর্বশেষ সর্বাধিক পঠিত