হাতিয়ায় অফিসে শিক্ষা কর্মকর্তার জন্মদিন পালন, সমালোচনার ঝড়

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ এএম

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসে ঘটা করে নিজের জন্মদিন পালন করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) আবদুল জব্বার। গত এক সপ্তাহ ধরে এ বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে।

গত বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে এ আয়োজন করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, শিক্ষক-কর্মচারীরা কেক কেটে শিক্ষা কর্মকর্তা আবদুল জব্বারকে শুভেচ্ছা জানান এবং তার হাতে বিভিন্ন প্যাকেট তুলে দিচ্ছেন। শিক্ষা অফিসারের  জন্মদিনের অনুষ্ঠানে বিভিন্ন সরকারি  প্রাথমিক  বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষক-কর্মচারী অংশ নেন । 

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষকরা অভিযোগ করেন, জন্মদিনের আগে উপজেলা শিক্ষা কর্মকর্তা তার ফেসবুক আইডিতে একটি কবিতা পোস্ট করেন। এরপর শিক্ষকগ নিজেদের মধ্যে  চাঁদা সংগ্রহ করে অনুষ্ঠানের আয়োজন করেন। তাদের দাবি, চাঁদার অর্থে কর্মকর্তা ও তার পরিবারের সদস্যদের জন্য শার্ট, প্যান্ট, ব্লেজার ও শাড়িসহ বিভিন্ন সামগ্রী কেনা হয়। এ বিষয়ে  সরকারি  কর্মকর্তা ও কর্মচারীদের শিষ্টাচার ও আচরণবিধি নিয়েও প্রশ্ন উঠেছে।

অভিযোগের বিষয়ে আলাপকালে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল জব্বার বলেন, এটা ছোটখাটো বিষয়। শিক্ষকদের ভালো লেগেছে, তাই তারা আমার জন্মদিনের অনুষ্ঠান করেছে।

স্থানীয় সাংবাদিকরা মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ ব্যাপারে নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) ইসরাত নাসিমা হাবীবের সঙ্গে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। তারা প্রাথমিক শিক্ষার চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক নুরুল ইসলামকে বিষয়টি জানালে তিনি পরে কথা  বলবেন বলে জানান। 

হাতিয়া দ্বীপ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক তোফায়েল হোসেন ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আ.ন.ম হাছান বলেন, সরকারি অফিসে অফিস চলাকালীন শিক্ষকদেরকে নিয়ে শিক্ষা কর্মকর্তার জন্মদিনের আয়োজন সরকারি কর্মচারীদের শৃঙ্খলা ও শিষ্টাচারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খতিয়ে দেখা উচিত। 

তাঁরা আরও বলেন, শ্রেণি কার্যক্রম চলাকালীন শিক্ষকদেরকে শিক্ষা অফিসে এনে জন্মদিন পালন করা হলে শিক্ষকদের নিয়মিত দায়িত্ব পালনে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত