চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার সাবেক পৌর কাউন্সিলর কাজী নিজামকে (৫০) ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এছাড়াও ১০০ টাকা জরিমানা করেন আদালত। এ সময় আদালত মাসুদ হোসেন একজনকে ৩ মাস ও নাসির হোসেন নামে আরেকজনকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
আদালত সূত্র জানা যায়, মঙ্গলবার বিকালে (২২ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই ৩ জনকে জেল জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।
এর আগে সাবেক ওই পৌর কাউন্সিলর ইয়াবা ও সেবনের সরঞ্জামসহ স্থানীয়দের হাতে ধরা পড়েন। সে সময় তাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে দেয়া হয়। সে পৌর ১ নং ওয়ার্ডের উত্তর বলাখাল কাজী বাড়ির মৃত আব্দুল লতিফের ছেলে।
আদালত সূত্র আরো জানা যায়, সাজাপ্রাপ্ত মো. নাছির উদ্দিন পৌর এলাকার রান্ধুনীমুড়া গ্রামের মৃত সালেহ আহাম্মদ বাচ্চু মিয়ার ছেলে ও মো. মাসুদ হোসেন দক্ষিণ রান্ধুনীমুড়া গ্রামের আহসান উল্যাহর ছেলে। সাজাপ্রাপ্ত এ দু'জনকে ভিন্নভাবে ১শ টাকা করে জরিমানা করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, ২০১০-১৫ কার্যকাল মেয়াদের হাজীগঞ্জ পৌরসভার কাউন্সিলর কাজী নিজাম এর আগে মাদক মামলায় আটক হয়ে জেল খাটেন। গত সোমবার রাতে ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের সরঞ্জামাদিসহ স্থানীয় একদল যুবক হাতে ধরে উত্তম মধ্যম দিয়ে পুলিশে দেয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়ে।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।