এশিয়ান গেমসে পুরুষ কাবাডির ‘গ্রুপ এ’র গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী ভারতের কাছে বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। জাপানের টোকাই সিটিজেন জিমনেসিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ৪৮–২৫ পয়েন্টের ব্যবধানে জয় তুলে নিয়েছে ভারতীয় দল।
দুর্দান্ত আক্রমণ ও নিখুঁত টেকনিকের সুবাদে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বজায় রেখেছিল ভারত, যার ফলে শেষ পর্যন্ত বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় লাল-সবুজের প্রতিনিধিদের।
ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মনোভাব নিয়ে খেলতে নামে ভারত। প্রথমার্ধেই দারুণ দাপট দেখিয়ে তারা ২৯ পয়েন্ট তুলে নেয়, যেখানে বাংলাদেশ সংগ্রহ করতে পেরেছিল মাত্র ৯ পয়েন্ট। তবে বিরতির পর কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মিজানুর-আল আমিনরা। দ্বিতীয়ার্ধে তাদের আক্রমণভাগ ১৬ পয়েন্ট আদায় করে নেয় এবং ভারত সংগ্রহ করে ১৯ পয়েন্ট। তবে প্রথমার্ধের বিশাল ব্যবধান ঘুচিয়ে আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি।
পরিসংখ্যানের দিক থেকেও ম্যাচে বেশ এগিয়ে ছিল প্রতিপক্ষরা। বাংলাদেশের খেলোয়াড়দের আউট করে তারা মোট ৩২ পয়েন্ট অর্জন করে, বিপরীতে মিজানুরদের সংগ্রহ ছিল ১৩ পয়েন্ট। বোনাস পয়েন্টের ক্ষেত্রে অবশ্য কিছুটা লড়াই চালিয়ে ১১ পয়েন্ট পায় বাংলাদেশ, আর ভারত অর্জন করে ১০ বোনাস পয়েন্ট।
এছাড়া পুরো ম্যাচে বাংলাদেশকে অল আউট করে অতিরিক্ত ৬ পয়েন্ট তুলে নেয় তারা, যেখানে লাল-সবুজদের পক্ষে কোনো অল আউট পয়েন্ট ছিল না। সফল সুপার ট্যাকল থেকে কেবল ১ পয়েন্ট আদায় করতে সক্ষম হয় তারা।
টুর্নামেন্টের শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। গ্রুপপর্বের প্রথম দিনে দক্ষিণ কোরিয়া এবং চাইনিজ তাইপেকে হারিয়ে দারুণভাবে পদকের দৌড়ে টিকে ছিল তারা। তবে গতকাল স্বাগতিক জাপানের কাছে ৩ (৪০-৩৭) পয়েন্টের ব্যবধানে হেরে যাওয়ায় সমীকরণ কিছুটা জটিল হয়ে পড়ে। এবার ভারতের বিপক্ষে ম্যাচ জিতলেও অবশ্য বাকি দলের সমীকরণের দিকে তাকিয়ে থাকতে হতো বাংলাদেশকে। তবে হেরেও এখানেই বাজেনি বিদায়ের ঘণ্টা, এখনও কঠিন সমীকরণে সেমিতে ওঠার লড়াইয়ে আছে তারা।
গ্রুপ এ-তে জাপান ও চাইনিজ তাইপের ম্যাচ বাকি দুটি করে, এর মধ্যে একটি ম্যাচে মুখোমুখি হবে তারা নিজেরা। আর ভারত ও কোরিয়ার ম্যাচ বাকি একটি করে।
বিজ্ঞাপনী শুটিংয়ের সেই চোটেই ভারত সিরিজ শেষ রবীন্দ্রর