নিউইয়র্কে হোটেল থেকে হেঁটে শরণার্থী বিষয়ক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ এএম

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার বারহাম সালেহর সঙ্গে সৌজন্য সাক্ষাতে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হোটেল থেকে পায়ে হেঁটে জাতিসংঘ সদর দপ্তরে যান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) নিউইয়র্কের স্থানীয় সময় বিকেল ৪ টায় প্রধানমন্ত্রী তার আবাসস্থল হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক হোটেল থেকে রওনা হন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে গত ২১ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে এই সৌজন্য সাক্ষাতের আয়োজন করা হয়।

উপ-প্রেস সচিব সুজন মাহমুদ বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে আসছে। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, মিয়ানমারে তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং শরণার্থীদের জন্য আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখা বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিষয়।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সুরক্ষা ও মানবিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রধানমন্ত্রীর সঙ্গে সংস্থাটির হাইকমিশনারের এই সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ অধিবেশন উপলক্ষে তার আন্তর্জাতিক কর্মসূচির অংশ।

এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তাকে হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক হোটেলে নেওয়া হয়।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ অধিবেশনে বাংলাদেশের পক্ষে ভাষণ দেওয়ার কথা রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত