রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ এএম

রাজধানীর ভাটারার নতুনবাজার এলাকায় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় সুমন (২২) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু রবিউল ইসলাম (২০) গুরুতর আহত হয়েছেন। মোটরসাইকেলে করে ঘুরতে বেরিয়েছিলেন দুই বন্ধু। মঙ্গলবার রাত ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। এদিকে গতকাল বুধবার বনানীতেও বাসের ধাক্কায় হাসান ইমাম সোহেল (৪৫) নামের মোটরসাইকেলের এক আরোহী নিহত হন। তিনি মোটরসাইকেলের পেছনে বসে ছিলেন।

ভাটারায় নিহত সুমনের বাড়ি নোয়াখালী সদর উপজেলার আজিজুল্লাপুর গ্রামে। তার বাবার নাম নূরনবী লিটন। পেশায় তিনি স্যানিটারি মিস্ত্রি ছিলেন। আহত রবিউল তৈরি পোশাক ব্যবসার সঙ্গে যুক্ত। তারা দুজনই রাজধানীর গুলশান-শাহজাদপুর এলাকায় বসবাস করতেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে সুমনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আহত রবিউলকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। জানা গেছে, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাক ও এর চালককে আটক করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

এদিকে গতকাল বুধবার দুপুর ১টার দিকে বনানী এলাকায় বাসের ধাক্কায় হাসান ইমাম সোহেল (৪৫) নামের মোটরসাইকেলের এক আরোহী নিহত হন। তিনি মোটরসাইকেলের পেছনে বসে ছিলেন। তিনি রাজধানীর মোহাম্মদপুরে বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। দুর্ঘটনায় সোহেলের সহকর্মী আহত হন। তিনি মোটরসাইকেলটি চালাচ্ছিলেন।

বনানী থানার এসআই জুয়েল বিশ্বাস জানান, সোহেল তার এক সহকর্মীর মোটরসাইকেলে করে মোহাম্মদপুর থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় যাচ্ছিলেন। পথে বনানীর চেয়ারম্যানবাড়ি ও সৈনিক ক্লাবের মাঝামাঝি এলাকায় তাদের মোটরসাইকেলকে লাবিব পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে দুই আরোহীই রাস্তায় ছিটকে পড়েন। সোহেল বাসটির সামনে পড়ে বাসের চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে সোহেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। আহত মোটরসাইকেল চালককে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। পুলিশ জানায়, দুর্ঘটনায় দায়ী বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছেন। তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। নিহত সোহেলের বাড়ি কুমিল্লার দাউদকান্দি এলাকায়।

সর্বশেষ সর্বাধিক পঠিত