মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী ও পুরুষের মরদেহ উদ্ধার

একই দিনে পৃথক ঘটনায় এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে এবং এক নারী কীটনাশক পান করে মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ এএম

গোপালগঞ্জের মুকসুদপুরে পৃথক ঘটনায় এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার রাঘদী ইউনিয়নের ছাগলছিড়া এলাকায় নিজ বসতঘরের জানালার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় শীতল মোল্লা (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার জহির মোল্লার ছেলে।

পুলিশ ও স্বজনদের বরাতে জানা যায়, বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৬টা ১০ মিনিটের মধ্যে কোনো একসময় শীতল মোল্লা ঘরের দরজা-জানালা বন্ধ করে গামছা দিয়ে জানালার গ্রিলের সঙ্গে ফাঁস দেন বলে ধারণা করা হচ্ছে। পরে স্বজনরা সিন্দিয়াঘাট তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের সদস্যদের সহায়তায় ঘরের দরজা খুলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পুলিশ। পরে গামছা কেটে মরদেহ নামানো হয়। এ ঘটনায় পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।

অন্যদিকে, একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বহুগ্রাম ইউনিয়নের ছোট তারাইল এলাকায় নিজ বসতঘরে কীটনাশক পান করে নমিতা বর (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের রাধা বরের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, নমিতা বর দীর্ঘদিন ধরে পেটের পীড়াসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, পৃথক স্থান থেকে এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত