মাঠের পারফরম্যান্সে খরা আর পাহাড়সম আর্থিক ক্ষতির ভার বইতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড এবার এক অভিনব ও অবাক করা বাণিজ্যিক পথ বেছে নিয়েছে। ক্লাবটির ঐতিহাসিক হোম ভেন্যু ‘থিয়েটার অব ড্রিমস’ বা ওল্ড ট্রাফোর্ডের পবিত্র ঘাস কেটে কাচের বাক্সে বন্দী করে সমর্থকদের কাছে বিক্রি করার ঘোষণা দিয়েছে রেড ডেভিলসরা।
আর এই চমকপ্রদ উদ্যোগের প্রথম ব্যাচ বাজারে ছাড়ার সঙ্গে সঙ্গেই লুফে নিয়েছেন ভক্তরা।
১৯১০ সাল থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের সাফল্যের সাক্ষী হয়ে থাকা ওল্ড ট্রাফোর্ডের মাঠ গত জুনেই গত ১৪ বছরের মধ্যে প্রথমবারের মতো পুরোপুরি খুঁড়ে এর ভিত্তি পর্যন্ত নতুন করে তোলা হয়। পুরস্কারজয়ী হেড গ্রাউন্ডসম্যান টনি সিনক্লেয়ার ও তার বিশেষজ্ঞ দল খেলোয়াড়দের সুরক্ষা এবং পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করার জন্য এই সংস্কার কাজ পরিচালনা করেন।
এই প্রক্রিয়ার অংশ হিসেবেই মাঠের পুরোনো ঘাসের বিশেষ অংশগুলো অত্যন্ত যত্নের সাথে সংরক্ষণ করা হয়েছিল। ক্লাব সূত্রে জানানো হয়েছে, ৭x৭ সেনিমিটার মাপের এই ঘাসের টুকরোগুলোকে চমৎকার সব কাচের বাক্সে বা কিউবে ভরে একটি ব্ল্যাক কেসের ভেতরে সাজিয়ে সমর্থকদের জন্য বাজারে আনা হয়েছে। যার প্রতিটির দাম রাখা হয়েছে ১২৫ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২০ হাজার ৪০০ টাকা।
ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে এই অভিনব উদ্যোগের পেছনের কারণ তুলে ধরে ক্লাবটি জানিয়েছে, ‘জয় ও পরাজয়, সাফল্য ও ব্যর্থতা, উত্থান-পতন, আমরা সবকিছুই দেখেছি। এখন সমর্থকরা নিজেদের কাছে মাঠের একটি অংশ ধরে রাখতে পারবেন। ঘরের মাঠে খেলা ঐতিহাসিক ম্যাচগুলোর একটি অমূল্য স্মারক এবং ম্যাচের দিনগুলোর স্মৃতি সতেজ রাখতে এই কিউবগুলো দারুণ কাজ করবে।’
তবে মাঠের এই স্মারক বিক্রির খবরটি এমন এক সময়ে সামনে এল, যখন মাঠের বাইরে ও ভেতরে চরম অস্বস্তিতে রয়েছে ক্লাবটি। প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে প্রথম পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটি জয় নিয়ে পয়েন্ট টেবিলের ১২তম স্থানে ধুঁকছে ম্যান ইউ।
এর মাঝেই গতকাল বুধবার ক্লাব কর্তৃপক্ষ তাদের টানা সপ্তম বার্ষিক আর্থিক ক্ষতির কথা স্বীকার করেছে। খেলোয়াড়দের পেছনে অতিরিক্ত ব্যয় এবং চলতি বছর কোচ রুবেন আমোরিমকে বরখাস্ত করার ক্ষতিপূরণসহ বিভিন্ন কারণে ক্লাবটির সামগ্রিক ঋণের পরিমাণ ছাড়িয়ে গেছে ১ বিলিয়ন পাউন্ড। যদিও ২০২৫-২৬ মৌসুমে রেকর্ড ৬৭৭.৬ মিলিয়ন পাউন্ড রাজস্ব আয় হয়েছে, তবুও ট্যাক্স-পূর্ববর্তী ৪৩ মিলিয়ন পাউন্ডের লোকসানের মুখে পড়তে হয়েছে তাদের।
একই সঙ্গে নতুন স্টেডিয়াম নির্মাণের জন্য জমি কিনতে প্রায় ৬৩.৫ মিলিয়ন পাউন্ড ব্যয় করেছে ক্লাবটি, যার সার্বিক খরচ দুই বিলিয়ন পাউন্ড ছাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমন অর্থনৈতিক সংকটের মাঝেই ওল্ড ট্রাফোর্ডের ঘাস বিক্রির এই অভিনব বাণিজ্যিক কৌশল বেশ বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে।
র্যাঙ্কিংয়ে পিছিয়ে থেকেও ৩-৪ পয়েন্টের লক্ষ্য জামালের