গ্রীষ্মকালীন দলবদলের শেষ সময়ে ফরাসি ক্লাব লিল থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েই দারুণ আলোড়ন সৃষ্টি করেছেন ১৮ বছর বয়সী মরোক্কান মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দি। বয়সের তুলনায় তার অসাধারণ কারিগরি দক্ষতা, সহজাত প্রতিভা এবং অনন্য পরিপক্কতা ইতিহাদ স্টেডিয়ামের কোচিং স্টাফ ও সমর্থকদের মুগ্ধ করেছে।
নতুন ক্লাবে এসে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জকে বুয়াদ্দি ইতিবাচকভাবে দেখছেন। তার মতে, প্রতিদিনের কঠোর অনুশীলন এবং বিশ্বমানের ফুটবলারদের সান্নিধ্য তার ফুটবলীয় বিকাশকে কয়েক ধাপ এগিয়ে দিচ্ছে। বিশেষ করে একই পজিশনে খেলা অভিজ্ঞ খেলোয়াড়দের ওপর তিনি বিশেষ নজর রাখছেন। এ প্রসঙ্গে বুয়াদ্দি বলেন, "আমি জানি সব খেলোয়াড়ের কাছ থেকে আমার এখনও অনেক কিছু শেখার আছে। আমার পাশে এলিয়ট অ্যান্ডারসনের মতো দারুণ খেলোয়াড় আছে, কোভাচিচ ও এনজো ফার্নান্দেজের মতো অভিজ্ঞরা আছেন। তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি কেবল শিখতে ও উপভোগ করতে চাই।"
নতুন কোচ এনজো মারেসকার অধীনে সিটিতে যোগ দেওয়া তরুণ এই মিডফিল্ডার বিশ্বাস করেন যে ক্লাব পরিবর্তনের পর মাঠে নিজের যোগ্যতা প্রমাণ করাই প্রধান লক্ষ্য হওয়া উচিত। তিনি বলেন, "যখন আপনি একটি নতুন ক্লাবে আসেন, তখন আপনি দেখাতে চান যে আপনি একজন ভালো খেলোয়াড় এবং দলকে সাহায্য করার মতো দক্ষতা আপনার আছে। আমি, এলিয়ট অ্যান্ডারসন এবং গ্রীষ্মে আসা অন্য সবাই সেটাই করছি।"
বুয়াদ্দির অসাধারণ পারফরম্যান্স ইতোমধ্যে সতীর্থদেরও নজর কেড়েছে। সিটির ইংলিশ মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসন তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে জানিয়েছেন যে, চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচেই বুয়াদ্দি অত্যন্ত পরিপক্ক ফুটবল খেলেছেন। অ্যান্ডারসন মনে করেন, প্রিমিয়ার লিগের কঠিন পরিবেশের সাথে এই তরুণকে মানিয়ে নিতে সাহায্য করা অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে তাদেরই দায়িত্ব।
চলতি মৌসুমে দলবদলে বড় ধরনের পরিবর্তন আসলেও সিটির লক্ষ্য অর্জনে দৃঢ়প্রতিজ্ঞ বুয়াদ্দি। বর্তমানে তার এবং পুরো দলের একমাত্র মনোযোগ আজকের ঐতিহ্যবাহী ম্যানচেস্টার ডার্বি নিয়ে। ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচটি নিয়ে নিজের রোমাঞ্চ লুকাতে পারেননি তিনি। ছোটবেলার স্বপ্নের কথা স্মরণ করে বুয়াদ্দি বলেন, "ছোটবেলায় ফুটবল দেখার সময় আপনি সবচেয়ে বড় ম্যাচগুলোতে খেলার স্বপ্ন দেখেন। ইউনাইটেডের বিপক্ষে এই সপ্তাহের ডার্বি ম্যাচটি একটি দুর্দান্ত লড়াই হবে এবং এটি আমাদের, সমর্থকদের ও সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খেলা।"
আজ ১৮৯তম ম্যানচেস্টার ডার্বি
ফুটবল বিশ্বের অন্যতম হাইভোল্টেজ ও ঐতিহ্যবাহী ‘ম্যানচেস্টার ডার্বি’র ১৮৯তম ম্যাচ হতে যাচ্ছে আজ রাতে। ইউনাইটেডের ঘরের মাঠ বিখ্যাত ওল্ড ট্র্যাফোর্ডে মুখোমুখি হবে দুদল। দীর্ঘ এক দশক পর এবারই প্রথম ডার্বির ডাগআউটে দেখা যাবে না সিটির কিংবদন্তি কোচ পেপ গুয়ার্দিওলাকে। ম্যানচেস্টার সিটির দায়িত্ব নিয়ে নতুন কোচ এনজো মারেস্কা তাঁর প্রথম ডার্বি পরীক্ষার মুখোমুখি হচ্ছেন। অন্যদিকে, ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগআউটে প্রথম পূর্ণ মৌসুমে ডিরেক্টরের দায়িত্বে আছেন সাবেক তারকা মাইকেল ক্যারিক।
সালাউদ্দিনের সঙ্গে 'ঝামেলা' নেই সুজনের