ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভিমরুলের কামড়ে নানি ও নাতনির মৃত্যুর ঘটনাটি ঘটেছিল। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার নাওগাঁও ইউনিয়নের বাদিহাটি পশ্চিমপাড়া গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- বাদিহাটি পশ্চিমপাড়া গ্রামের আব্দুল মোতালেবের স্ত্রী সুমরি বেগম (৬২) এবং তার নাতনী আদিবা (৫)। আদিবার মা ঢাকায় পোশাক কারখানায় চাকরি করায় সে নানার বাড়িতেই থাকত।
ইউপি সদস্য মঞ্জুরুল হক বলেন, মোতালেবের বাড়ির পাশের পুকুর পাড়ে ভিমরুল বাসা বেঁধেছিল, যা পরিবারের কারও জানা ছিল না। সকালে আদিবা পুকুর পাড়ে গেলে ভিমরুল তাকে আক্রমণ করে।
তা দেখতে পেয়ে নাতনীকে বাঁচাতে ছুটে যান নানী সুমরি বেগম। এ সময় তাকেও কামড়ে ক্ষত-বিক্ষত করে ভিমরুলের দল।
ভিমরুলের কামড়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু আদিবা। স্বজনরা সুমরি বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৩টার দিকে তারও মৃত্যু হয়।
মরদেহ দুটি তাদের বাড়িতে রয়েছে এবং দাফনের প্রস্তুতি চলছে বলে জানান এই জনপ্রতিনিধি।