২০২৭ সালের হজের প্রাক্-নিবন্ধন ও নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে শনিবার (২৬ সেপ্টেম্বর) দেশের সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো খোলা থাকবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক-এর সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে এই সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় জানানো হয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে ২০২৭ সালের পবিত্র হজ নিবন্ধনের অর্থ জমাদানের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৫ ও ২৬ সেপ্টেম্বর (শুক্র ও শনিবার) হজের অর্থ গ্রহণকারী ব্যাংকের শাখায় স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।
এ ছাড়া ব্যাংকিং লেনদেনের নির্দিষ্ট সময়ের পর যতক্ষণ পর্যন্ত হজের অর্থ জমা দিতে ইচ্ছুক গ্রহীতা উপস্থিত থাকবেন, ততক্ষণ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে তাদের অর্থ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।