আক্কেলপুরে নদী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পিএম

জয়পুরহাটের আক্কেলপুরে নদী থেকে বেলী বেগম (৫০) নামে এক গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের আবাদপুর পূর্বপাড়া সুইজগেইট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
​
নিহত বেলী বেগম আবাদপুর পূর্বপাড়া গ্রামের মোহাম্মদ বাচ্চুর স্ত্রী।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলী বেগম পারিবারিক কারণে একই বাড়িতে স্বামী থেকে আলাদা বসবাস করতেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে নন্দাহার নদীতে গোসল করতে গিয়ে তিনি আর বাড়ি ফেরেননি। স্বজনরা রাতে তার কোনো খোঁজ পাননি। বৃহস্পতিবার রাতে তার স্বামী বাচ্চু বাড়ি ফিরে স্ত্রীর খোঁজ না নিয়েই ঘুমিয়ে পড়েন। পরদিন আজ শুক্রবার সকালে নন্দাহার নদীর সুইজগেইট এলাকায় স্থানীয়রা বেলী বেগমের মরদেহ নদীর ধারে পানিতে ভেসে থাকতে দেখে স্থানীয়রা। এসময় পুলিশ ও পরিবারকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান মাসুদ জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিচয় সনাক্ত করে। সুরতহাল রিপোর্ট তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতিসহ আইনি প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত