ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার সন্তান মুফতি মানসুর আহমেদ সাকী। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) নতুন কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে তার নাম ঘোষণা করেন। এইদিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
মুফতি মানসুর আহমেদ সাকী মতলব দক্ষিণ উপজেলার বাগিচাপুর গ্রামের মৃত মাওলানা ফজলুর রহমান পীর সাহেবের ছোট ছেলে। তিনি উত্তরা জামিয়াতুস শাহাবা কওমি মাদরাসা থেকে দাওরায়ে হাদিস, আদব ও ইফতা বিভাগে উচ্চতর শিক্ষা সম্পন্ন করেন।
সাংগঠনিক জীবনে তিনি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের দায়িত্ব পালন করেন। পরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-প্রশিক্ষণ সম্পাদক, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং সর্বশেষ সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে হাতপাখা প্রতীকে নির্বাচনেও অংশ নিয়ে ছিলেন।
নিজের অনুভূতি প্রকাশ করে মুফতি মানসুর আহমেদ সাকী বলেন, দীর্ঘদিন সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের অভিজ্ঞতার ভিত্তিতেই তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ইসলামী যুব আন্দোলনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।