বিশ্ব নদী দিবস উপলক্ষে নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন ‘তরী বাংলাদেশ’-এর উদ্যোগে তিতাস নদীতে বর্ণাঢ্য নৌ- শোভাযাত্রা হয়েছে।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের তিতাস নদীর আনন্দ বাজার ঘাট থেকে নৌ-শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের ভাদুঘর বাজার ঘাট পর্যন্ত গিয়ে পুনরায় আনন্দ বাজার ঘাটে এসে শেষ হয়। বর্ণাঢ্য এই নৌ- শোভাযাত্রাটি উদ্বোধন করেন প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক (ভিপি জহির), সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি এবিএম মমিনুল হক।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, নদী বাঁচলে দেশ বাঁচবে। তাই আমাদের উচিত জনগণকে সাথে নিয়ে নদীর দখল-দূষণ দূর করা। সারা দেশে নদী ও পরিবেশ সুরক্ষায় সরকারও বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি আরও বলেন, নদী সুরক্ষায় ‘তরী বাংলাদেশের’ এই সামাজিক আন্দোলনে সবসময়ই পূর্ণ সমর্থন ও সহযোগিতা থাকবে।
জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, আইনগত বাধা কাটিয়ে নদীর সকল অবৈধ দখল উচ্ছেদের উদ্যোগ নেওয়া হবে।
‘তরী বাংলাদেশ’-এর আহ্বায়ক শামীম আহমেদ বলেন, সারা দেশে নদী দখল-দূষণ রোধ করে পিলার স্থাপন করে নদীর সীমানা নির্ধারণ করতে হবে। আজকের এই নৌ শোভাযাত্রার মাধ্যমে আমরা বার্তা দিচ্ছি-পুরো দেশের নদীগুলোর নাব্যতা ফিরিয়ে দিয়ে দেশের ২৪ হাজার কিলোমিটার নৌপথ সচল করার।
বর্ণাঢ্য এই নৌ-শোভাযাত্রায় তরী বাংলাদেশের বিভিন্ন ইউনিটের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রতিবছর সেপ্টেম্বর মাসের শেষ রবিবার বিশ্বব্যাপী ‘বিশ্ব নদী দিবস’ পালিত হয়। এবারের দিবসের প্রতিপাদ্য হলো ‘নো ফরেস্ট, নো রির্ভাস, নো ওয়াটার, নো লাইফ’ (বন নেই, নদী নেই, পানি নেই, জীবন নেই)।