পাওনা টাকা আদায় করতে গিয়ে নরসিংদী থেকে মো. নুরুজ্জামান (৩৯) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জের বন্দর থেকে নিজের পাওনা সাড়ে ৩ লাখ টাকা আদায়ের জন্য নরসিংদীর ব্রাহ্মণদীতে যান তিনি। এরপর থেকেই তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজ নুরুজ্জামান নারায়ণগঞ্জের বন্দরের চৌরাপাড়া সমবায় বাজার এলাকার ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শহীদ মিয়ার (৭০) ছেলে।
ঘটনার সময়রেখা অনুযায়ী, বৃহস্পতিবার নুরুজ্জামান পাওনা টাকা আদায়ের জন্য নরসিংদীর ব্রাহ্মণদীতে যান। ওই দিন সন্ধ্যা ৭টা ৩ মিনিটে তিনি তার বন্ধু বাপ্পি (৩৯)-কে ফোন করে জানান, পাওনা ৩ লাখ ৫০ হাজার টাকা তিনি ফেরত পেয়েছেন। এরপর থেকে নুরুজ্জামানের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্য ও স্বজনরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। পরে নুরুজ্জামানের কোনো সন্ধান না পেয়ে পরিবার বন্দর থানায় নিখোঁজ-সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পরিবারের অভিযোগ, নরসিংদী থেকে নিখোঁজ হলেও সেখানে সদর থানায় অভিযোগ নেওয়া হয়নি। পরে বাধ্য হয়ে নারায়ণগঞ্জের বন্দর থানায় জিডি করা হয়।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, যেহেতু ঘটনাস্থল নরসিংদী, তাই সেখানকার থানা বিষয়টি তদন্ত করবে। অন্যদিকে, নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন বলেন, এ বিষয়ে বন্দর থানা থেকে তাদের সঙ্গে কেউ যোগাযোগ করেনি। যোগাযোগ করা হলে নরসিংদী থানা পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে।
পরিবার জানায়, নুরুজ্জামান জেনারেটরের ব্যবসা করতেন। ওই ব্যবসার পাওনা টাকা আদায় করতেই তিনি নরসিংদীতে গিয়েছিলেন। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল সাদা পাঞ্জাবি।
এ ঘটনায় বন্দর থানায় করা সাধারণ ডায়েরির নম্বর ১৫২৪। গাড়ির নম্বর: ৬৬ জেড এস ২ এইচ।