জাতিসংঘ সাধারণ অধিবেশনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর যোগ দেওয়ার প্রতিবাদে রাজপথে নেমে নিউ ইয়র্ক পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন অস্কারজয়ী হলিউড অভিনেত্রী সুসান সার্যান্ডন ও কমেডিয়ান হান্নাহ আইনবাইন্ডারসহ শতাধিক সংস্কৃতিকর্মী। ‘জিউয়িশ ভয়েস ফর পিস’-এর ডাকে জাতিসংঘের সদর দপ্তরের কাছে ফার্স্ট অ্যাভিনিউতে অবস্থান নিয়েছিলেন তারা।
বিক্ষোভকারীদের পরনে ‘বোমায় নয়, মানুষের পেছনে অর্থ দিন’ লেখা টি-শার্ট এবং হাতে ‘ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করো’ ও ‘গণহত্যা থামাও’ লেখা প্ল্যাকার্ড ছিল। এই কর্মসূচিতে ‘সেক্স অ্যান্ড দ্য সিটি’ খ্যাত সিনথিয়া নিক্সন ও নাট্যকার টনি কুশনারের মতো পরিচিত মুখগুলোও সংহতি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অভিযান চালিয়ে ১০৩ জনকে আটক করে প্রিজন ভ্যানে তোলে।
দীর্ঘদিন ফিলিস্তিনের পক্ষে সোচ্চার সুসান এর আগেও একাধিকবার সরব হয়েছেন। গ্রেপ্তারের পর হান্নাহ আইনবাইন্ডার সোশ্যাল মিডিয়ায় জানান, তাদের এই আটক যেন গাজা ও দক্ষিণ লেবাননে চলমান গণহত্যার দিকে বিশ্ববাসীর নজর কাড়ে।