গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অভিনেত্রী তাসনুভা তিশার মা। চার দিন আগে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। কঠিন এই সময়ে মায়ের দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য ভক্ত-অনুরাগীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিশা।
শনিবার সকালে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে খবরটি নিশ্চিত করেন এই অভিনেত্রী। চিকিৎসাধীন মায়ের ছবি প্রকাশ করে তিনি জানান, চার দিন আগে তার মা হার্ট অ্যাটাক করেছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পরিবারটির ওপর দিয়ে এখন ভীষণ কঠিন সময় পার হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
পোস্টে তিশা লেখেন, এই পরিস্থিতিতে সবার আন্তরিক প্রার্থনা ছাড়া তাদের আর কোনো চাওয়া নেই। মহান সৃষ্টিকর্তা যেন তার মাকে ‘শেফা-ই-কামেলা’ দান করেন, হৃদযন্ত্র হেফাজত করেন এবং দ্রুত সুস্থ করে পরিবারের মধ্যে ফিরিয়ে দেন, এই আকুতি জানান তিনি। খবরটি সামনে আসার পর সামাজিক মাধ্যমে তার মায়ের দ্রুত শেফা কামনা করে সমবেদনা ও দোয়া জানাচ্ছেন ভক্তরা।