দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশকে ঘিরেই এখন সব আলোচনা। সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া তামিল সিনেমা ‘ডরোথি’তে তার অনবদ্য অভিনয় প্রশংসা কুড়াচ্ছে দর্শক ও সমালোচক মহলে। ছবিটির সফল মুক্তির পর সহশিল্পী শ্রীলীলাসহ বিনোদন জগতের অনেকেই কীর্তিকে শুভেচ্ছা জানিয়েছেন এবং সিনেমাটির জন্য শুভকামনা প্রকাশ করেছেন।
কার্তিক সুব্বারাজ পরিচালিত এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন কীর্তি। ১৯৯০-এর দশকের সামাজিক বাস্তবতা ও জাতিগত সহিংসতার পটভূমিতে নির্মিত গল্পটিতে তিনি দুই ঘনিষ্ঠ বন্ধুর জীবনের এক গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে উঠে এসেছেন। যেখানে পুরুষতান্ত্রিক সমাজ, বৈষম্য এবং মানবিক অনুভূতির টানাপড়েন গভীরভাবে ফুটে উঠেছে।
মুক্তির পরপরই ছবিটিতে কীর্তির আবেগি পারফরম্যান্স আলাদাভাবে নজর কেড়েছে। ভারতীয় গণমাধ্যমগুলোর পর্যালোচনায় বলা হয়েছে, সিনেমার মূল ভাবাবেগ ধরে রাখতে তিনি মুখ্য ভূমিকা পালন করেছেন। পাশাপাশি মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ইতিবাচক আয়ের ইঙ্গিত মিলছে। সবকিছু মিলিয়ে ‘ডরোথি’র মধ্য দিয়ে আবারও নিজের অভিনয়ের দ্যুতি ছড়িয়ে আলোচনায় এলেন এই অভিনেত্রী।