প্রাথমিক শিক্ষকদের শাহবাগ অবরোধ, ৫ দফা দাবি

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ পিএম

নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেছেন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত কিন্তু নিয়োগবঞ্চিত প্রাথমিকের সহকারী শিক্ষক প্রার্থীরা।

রবিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার পর মিছিল নিয়ে শাহবাগ থানার সামনের সড়কে অবস্থান নেন তারা।

চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের সংগঠন ‘কেন্দ্রীয় প্যানেল প্রাইমারি ২০২৫’-এর দাবি, প্রায় আড়াই হাজার প্রার্থী এখনও নিয়োগপত্র পাননি। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো চূড়ান্ত সংখ্যা জানানো হয়নি। অন্য একটি হিসাবে নিয়োগবঞ্চিতের সংখ্যা দুই হাজার ২০০-এর বেশি।

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ভেরিফিকেশন প্রতিবেদনে নেতিবাচক তথ্য, ডোপ টেস্টে সমস্যা, স্বাস্থ্য সনদের ঘাটতি এবং শিক্ষা সনদে অসংগতির কারণে অনেক প্রার্থীর নিয়োগ আটকে গেছে। এর মধ্যে পুলিশ বা গোয়েন্দা সংস্থার যাচাই প্রতিবেদনের কারণেই সবচেয়ে বেশি প্রার্থী বাদ পড়েছেন বলে জানা গেছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য না করলেও শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, নিয়োগপত্র নিয়ে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

তার ভাষ্য, ১ অক্টোবর পর্যন্ত কেউ নিয়োগপত্র না পেলে প্রয়োজনীয় যাচাই শেষে পর্যায়ক্রমে দ্রুততম সময়ে তাদের নিয়োগপত্র দেওয়া হবে। এর আগে নিয়োগসংক্রান্ত জটিলতা নিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকও করেন তিনি।

এদিকে ‘কেন্দ্রীয় প্যানেল প্রাইমারি ২০২৫’ পাঁচ দফা দাবি জানিয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে- বাদ পড়া প্রত্যেক প্রার্থীর নথি নিরপেক্ষভাবে পুনঃযাচাই, তথ্যগত ভুলের ক্ষেত্রে আত্মপক্ষ সমর্থনের সুযোগ ও প্রশাসনিক আপিলের ব্যবস্থা, প্রশাসনিক ত্রুটিতে কেউ বাদ পড়ে থাকলে তা সংশোধন করে নিয়োগ নিশ্চিত করা এবং পুরো ঘটনার ব্যাখ্যা জনসমক্ষে প্রকাশ।

রবিবার বেলা ১টার দিকে শাহবাগে গিয়ে দেখা যায় রাস্তা অবরোধ করে প্রায় ২ শতাধিক নিয়োগ প্রত্যাশীরা বিক্ষোভ করেন। এ সময় রাজীব চন্দ্র নামে এক নিয়োগ প্রত্যাশী দেশ রূপান্তরকে বলেন, সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের প্রত্যন্ত এলাকার মানুষ আমি। বাবা লন্ড্রির কাজ করে অনেক কষ্টে পড়াশোনা করিয়েছেন। অজানা কারণে আমার নিয়োগ আটকে গেল। আমার রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নেই, যদি আমার বিরুদ্ধে রাষ্ট্র কোনো অনিয়ম বা অভিযোগ খুঁজে পায় তাহলে আমাকে জানাতে হবে। আমি আত্মপক্ষ সমর্থন করে প্রমাণ দেব। ২৪ এর জুলাই আন্দোলনে রাজপথে মাইর খেয়েছি আজ আমি পুলিশ ভ্যারিফিকেশনে আটকে গেছি এটা লজ্জার। 

রাশেদুল ইসলাম নামে আরেক নিয়োগ প্রত্যাশী বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় আমি কোনো রাজনৈতিক দলের সাথে ছিলাম না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সবাই আমাকে চেনেন। আমার জীবনে প্রথম ভোটাধিকার প্রয়োগ করি ২০২৬-এর নির্বাচনে। আমার অপরাধ কি সেটা ত জানাতে হবে? কোনো কারণ না জানিয়ে ভ্যারিফিকেশনের নামে আমার নিয়োগ আটকে দিয়ে আমার নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা গত ৯ জানুয়ারি ৬১ জেলায় অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন মৌখিক পরীক্ষায় অংশ নেন। পরে ৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ফলে ১৪ হাজার ৩৮৪ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, নির্বাচিতদের ১ অক্টোবরের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান এবং ৪ অক্টোবর পদায়নের আদেশ দেওয়ার কথা রয়েছে।

তবে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের প্রশ্ন, চূড়ান্ত সুপারিশের পরও কেন তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং ভেরিফিকেশনে কী তথ্য পাওয়া গেছে এসব বিষয়ে এখনও স্পষ্ট ব্যাখ্যা মেলেনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত