বহু ঘাত-প্রতিঘাত ও দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে এক দশকে পা রাখলো বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)। ২০১৭ সালের এই দিনে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করা সংগঠনটি শুক্রবার (২৫ সেপ্টেম্বর) কেন্দ্রীয় কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে তাদের গৌরবোজ্জ্বল ১০ম প্রতিষ্ঠাদিবস উদযাপন করেছে।
শুক্রবার সন্ধ্যা ৭টায় বিএমজেপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এই প্রতিষ্ঠাদিবস অনুষ্ঠানে দলের সভাপতি সুকৃতি কুমার মণ্ডল এবং মহাসচিব দিলীপ কুমার দাসসহ দলের শীর্ষস্থানীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে দলের বিগত ৯ বছরের পথচলার ইতিহাস ও বিভিন্ন আন্দোলন-সংগ্রামের স্মৃতিচারণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে বিএমজেপি দেশের সংখ্যালঘু সম্প্রদায়সহ সকল অধিকারবঞ্চিত মানুষের সাংবিধানিক অধিকার রক্ষা, তাদের ওপর সংঘটিত অন্যায়ের প্রতিবাদ এবং সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষে রাজপথে আপসহীন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। নির্বাচন কমিশন থেকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন লাভ দলটির রাজনৈতিক অভিযাত্রার অন্যতম এক ঐতিহাসিক মাইলফলক।
নেতৃবৃন্দ আরও বলেন, বিএমজেপি কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি দেশের নিপীড়িত মানুষের আস্থার প্রতীক। ধর্ম, বর্ণ বা গোত্রের পরিচয়ে বিভাজন নয়, বরং প্রতিটি নাগরিকের সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে দলটি কাজ করে যাচ্ছে।
আগামী দিনগুলোতে দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করা এবং সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলনকে তৃণমূলে আরও বেগবান করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করার মধ্য দিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দঘন আয়োজনের সমাপ্তি ঘটে।