আইন পেশায় সফল হতে হলে সিনিয়রদের অনুসরণের বিকল্প নেই: মীর হেলাল

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পিএম

আইন পেশায় সফল হতে হলে সিনিয়রদের অনুসরণ করার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

তিনি বলেন, ‘আইন পেশায় প্রতিষ্ঠিত হতে হলে নিয়মিত আদালতে আসতে হবে। কোনো মামলার কাজ না থাকলেও আসতে হবে। শুধু বইপত্র পড়লেই হবে না। আদালতের কার্যক্রম, সিনিয়রদের যুক্তি ও মামলার শুনানি পর্যবেক্ষণ করতে হবে।’

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে নবীন আইনজীবীদের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

নবীন আইনজীবীদের অগ্রজদের শুনানি ও যুক্তি শুনে শেখার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘সিনিয়রদের পুরোনো ও নিষ্পত্তি হওয়া মামলার নথি ও রায়গুলো পড়তে হবে। কোন মামলায় কীভাবে যুক্তি উপস্থাপন করা হয়েছে এবং আদালত কোন বিষয় বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত দিয়েছেন বোঝার চেষ্টা করতে হবে।’

দেশে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে একজন আইনজীবীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, ‘একজন আইনজীবী যখন নিজেকে দক্ষ ও যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন, তখন সাফল্য ও সম্মান তার কাছে আসবে। দেশ ও সমাজ উপকৃত হবে।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিক আহমদের সভাপতিত্বে ও সমিতির পাঠাগার সম্পাদক তৌহিদ হোছাইন সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য এরশাদ উল্লাহ, মোহাম্মদ আবু সুফিয়ান ও বার কাউন্সিলের সদস্য নাজিম উদ্দিন চৌধুরী।

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত