বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের ৬ গবেষণা প্রকল্পে অনুদান

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পিএম

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের ২০২৬–২৭ অর্থবছরের গবেষণা কার্যক্রমের আওতায় নির্বাচিত ছয়টি গবেষণা প্রকল্পের গবেষকদের প্রথম কিস্তির গবেষণা অনুদান প্রদান করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) কাউন্সিলে আয়োজিত ‘রিসার্চ প্রজেক্ট অ্যাওয়ার্ড অ্যান্ড ফান্ড রিলিজ’ অনুষ্ঠানে নির্বাচিত গবেষকদের হাতে গবেষণা অনুদানের চেক তুলে দেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আখতার হোসেন খান।

অনুষ্ঠানে কাউন্সিলের প্রশাসন, অর্থ ও পরিকল্পনা বিভাগের পূর্ণকালীন সদস্য মো. এমদাদুল হক, অ্যাক্রেডিটেশন ও কিউএ অ্যান্ড এনকিউএফ বিভাগের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. মো. শাহ এমরান, কাউন্সিল, গবেষণা ও প্রকাশনা বিভাগের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. মো. ওয়াকিলুর রহমান এবং একই বিভাগের পরিচালক প্রফেসর মোহাম্মদ তাজিব উদ্দিন উপস্থিত ছিলেন।

২০২৬–২৭ অর্থবছরে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের গবেষণা অনুদানপ্রাপ্ত গবেষকরা হলেন—নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. হাছান উদ্দীন; বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ নাছির উদ্দিন; সাউথইস্ট ইউনিভার্সিটির আইকিউএসি পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা প্রফেসর ড. আবদুল কাদের মোহাম্মদ মাসুম; জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি অতিরিক্ত পরিচালক ও ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মো. জাহিদুল ইসলাম এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ শাহিদুল হক।

অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আখতার হোসেন খান বলেন, ২০২৬–২৭ অর্থবছরে কাউন্সিল ছয়টি গবেষণা প্রকল্পে অর্থায়ন করছে। দীর্ঘ প্রক্রিয়া অনুসরণ করে ওই অর্থবছরে প্রাপ্ত ৭০টি গবেষণা প্রস্তাব থেকে ছয়টি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল কোয়ালিটি অ্যাসুরেন্সকে অগ্রাধিকার দিয়ে ভবিষ্যতে গবেষণার ক্ষেত্র আরও সম্প্রসারণে আগ্রহী। গবেষণার জন্য পর্যাপ্ত অর্থায়নের বিষয়ে কাউন্সিল অত্যন্ত আগ্রহী। একই সঙ্গে কাউন্সিল মানসম্পন্ন গবেষণা প্রত্যাশা করে।

কাউন্সিলের গবেষণা ও প্রকাশনা বিভাগের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. মো. ওয়াকিলুর রহমান আগত গবেষকদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। তিনি কাউন্সিলের গবেষণা নীতিমালা অনুযায়ী এ পর্যন্ত গৃহীত গবেষণা কার্যক্রম ও সংশ্লিষ্ট প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। সহযোগিতা ও সমন্বয়ের ভিত্তিতে গবেষণা কার্যক্রম আরও এগিয়ে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কাউন্সিলের প্রশাসন, অর্থ ও পরিকল্পনা বিভাগের পূর্ণকালীন সদস্য মো. এমদাদুল হক কাউন্সিলের বর্তমান গতিশীল কার্যক্রমের জন্য চেয়ারম্যানকে ধন্যবাদ জানান। তিনি গবেষণা খাতে কাউন্সিলের পক্ষ থেকে প্রদেয় অর্থের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে ভবিষ্যতে এ খাতে বরাদ্দ আরও বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা বলেন।

অ্যাক্রেডিটেশন ও কিউএ অ্যান্ড এনকিউএফ বিভাগের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. মো. শাহ এমরান গবেষণা অনুদানপ্রাপ্ত গবেষকদের ধন্যবাদ জানান। বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফলাফলভিত্তিক শিক্ষা (ওবিই) কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

গবেষকদের মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ নাছির উদ্দিন সুষ্ঠু, স্বচ্ছ ও সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে গবেষক নির্বাচন করায় কাউন্সিলকে ধন্যবাদ জানান। নির্ধারিত সময়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করে মানসম্মত ও কার্যকর গবেষণা সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত