দ. আফ্রিকায় পৃথক বন্দুক হামলায় নিহত ২৭

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ এএম

দক্ষিণ আফ্রিকার দুই প্রধান শহরে পৃথক বন্দুক হামলায় ২৭ জন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশের বরাত দিয়ে গতকাল রবিবার বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জোহানেসবার্গ শহরের পশ্চিমে একটি পানশালায় বন্দুকধারীদের হামলায় ১৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৫ জন। পুলিশ বলছে, শুরুতে সন্দেহভাজন ৮ হামলাকারী পানশালার বাইরে বসে থাকা অতিথিদের ওপর গুলি চালায়। পরে গুলি চালাতে চালাতে তারা পানশালার ভেতর প্রবেশ করে। বন্দুক হামলার কারণ এখনো জানা যায়নি। পালিয়ে যাওয়ার আগে সন্দেহভাজনরা দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ জানিয়েছে, তাদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা এবং অন্যান্য বিশেষায়িত ইউনিটের সমন্বয়ে একটি দল মোতায়েন করা হয়েছে।

অপর ঘটনায় গতকাল রবিবার ভোরে কেপটাউনের বাইরে একটি টাউনশিপের বিনোদনকেন্দ্রে বন্দুকধারীরা ১০ জনকে হত্যা করেছে; আহত হয়েছে আরও ১১ জন। এএফপি জানিয়েছে, ঘটনাস্থলেই পাঁচ জন নিহত হন। বাকিরা হাসপাতালে নেওয়ার সময় প্রাণ হারান। এর আগে গত ২৩ সেপ্টেম্বর ডারবানের কাছে কোয়ামাখুথা এলাকায় একটি বাড়িতে পার্টি চলাকালীন ভয়াবহ বন্দুক হামলায় এক অন্তঃসত্ত্বা নারীসহ ১১ জন নিহত হন।

দক্ষিণ আফ্রিকায় বিপুল বৈধ ও অবৈধ আগ্নেয়াস্ত্র বেশ সহজেই পাওয়া যায়। প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষের দেশ দক্ষিণ আফ্রিকায় হত্যার হার বিশ্বের অন্যতম সর্বোচ্চ। দেশটিতে প্রতিদিন প্রায় ৬০ জন হত্যাকাণ্ডের শিকার হন।

সর্বশেষ সর্বাধিক পঠিত