চীন-যুক্তরাষ্ট্রের ‘পান্ডা কূটনীতি’

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ এএম

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফরে জাঁকজমক ও আনুষ্ঠানিকতার কোনো কমতি ছিল না। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বাণিজ্য, তাইওয়ান ও ইরানের মতো গুরুত্বপূর্ণ ও জটিল নানা বিষয় নিয়ে আলোচনা হলেও, বড় কোনো অগ্রগতি আসেনি। সফরের সবচেয়ে দৃশ্যমান ফল ছিল দুই দেশের বাণিজ্য সমঝোতার মেয়াদ আরও দুই মাস বাড়ানো। তবে এই সফরের সবচেয়ে আলোচিত প্রতীকী ঘোষণাগুলোর একটি ছিল দুটি জায়ান্ট পান্ডাকে যুক্তরাষ্ট্রে পাঠানোর কথা। ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর শি জিনপিংয়ের এই ঘোষণা আবারও চীনের বহুল আলোচিত ‘পান্ডা কূটনীতিকে’ সামনে আনল। বন্ধুত্ব, কূটনৈতিক সদিচ্ছা ও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের বার্তা দিতে কয়েক দশক ধরে বিশ্বের বিভিন্ন দেশের চিড়িয়াখানায় পান্ডা পাঠিয়ে আসছে বেইজিং। সেই ধারাবাহিকতায় এবার জর্জিয়ার আটলান্টা চিড়িয়াখানায় যাচ্ছে দুটি জায়ান্ট পান্ডাপিং পিং ও ফু শুয়াং। আগামী ১০ বছর সেখানে থাকবে তারা।

জিনপিং তার সফরে জায়ান্ট পান্ডাকে দুই দেশের মৈত্রী ও সৌহার্দ্যরে ‘অনন্য দূত’ হিসেবে অভিহিত করেন। সিএনএন জানিয়েছে, চীনের চেংদুর শুয়াংলিউ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পান্ডা দুটিকে বহনকারী ফেডেক্সের একটি উড়োজাহাজ গতকাল রবিবার আটলান্টার হার্টসফিল্ড-জ্যাকসনে অবতরণ করে। জায়ান্ট পান্ডা নিরাপদে পরিবহনের ক্ষেত্রে ফেডেক্সের দীর্ঘ ইতিহাস রয়েছে। পান্ডা দুটির আগমন উপলক্ষে জু আটলান্টা তাদের জন্য নির্ধারিত স্থাপনা সংস্কার করেছে এবং প্রাণী পরিচর্যার জন্য একটি দল গঠন করেছে। আটলান্টায় স্থানীয়ভাবে উৎপাদিত বাঁশের স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি সরবরাহও নিশ্চিত করেছে চিড়িয়াখানাটি। আটলান্টার জলবায়ু চীনের চেংদুর সঙ্গে অনেকটা মিল রয়েছে।

দীর্ঘ ১৫ ঘণ্টার যাত্রাপথে পান্ডাগুলোর সঙ্গে ছিলেন একদল প্রবীণ চিনা পশু চিকিৎসক ও প্রজনন বিশেষজ্ঞ। যুক্তরাষ্ট্রে পান্ডাগুলোর কোয়ারেন্টাইন পর্ব চলাকালেও তারা প্রাণীগুলোর যতœ নেবেন। পান্ডা দুটির বৈশিষ্ট্য নজরকাড়া। ‘পিং পিং’ নামের অর্থ শান্তি। এই পান্ডার জন্ম হয়েছিল ২০২০ সালের, ১৭ মার্চ। গাছে চড়তে ওস্তাদ এবং সাহসী এই পুরুষ পান্ডা আপেল খাওয়ার জন্য বিশেষ ভঙ্গিতে দৃষ্টি আকর্ষণ করে। অন্যদিকে, ২০২০ সালের ১৮ অক্টোবর জন্ম নেয় ‘ফু শুয়াং’। মাথার বিশেষ এক গুচ্ছ পশম ও মধুপ্রেমের জন্য পরিচিত এই নারী পান্ডাটি খুব দ্রুত খাবার খুঁজে বের করতে পারে। চীনের কাছে এই পান্ডা কূটনীতির গুরুত্ব অনেক। চলতি বছরের শুরুর দিকে জাপান থেকে চীনের দুটি পান্ডা ফিরিয়ে নেওয়া হয়। তাইওয়ানে হামলা হলে টোকিও সামরিকভাবে হস্তক্ষেপ করতে পারেজাপানের প্রধানমন্ত্রী এমন ইঙ্গিত দেওয়ার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক বিরোধ শুরু হয়েছিল। এর পরিপ্রেক্ষিতেই পান্ডা দুটি ফিরিয়ে নেয় বেইজিং।

সর্বশেষ সর্বাধিক পঠিত