গাজীপুরে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় রুজুকা বেগম (৩০) ও তার সাড়ে তিন বছর বয়সী মেয়ে ইয়ামনির মৃত্যু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ২টার দিকে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মেঘডুবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রুজুকা বেগম শেরপুরের শ্রীবরদী থানার বাগহাতা গ্রামের সেকান্দার আলীর মেয়ে এবং মনির হোসেনের স্ত্রী। তার মেয়ে ইয়ামনি। তারা গাজীপুরের সালনা বাজার এলাকায় মোস্তফার বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, সোমবার রাত ২টার দিকে ওই মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মা-মেয়ে গুরুতর আহত হন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পূবাইল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ আহত দুজনকে উদ্ধার করে দ্রুত গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রুজুকা বেগমকে মৃত ঘোষণা করেন। এ সময় শিশু ইয়ামনির চিকিৎসা চলছিল। পরে রাত আনুমানিক ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ইয়ামনিও মারা যায়।
পূবাইল থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, মা-মেয়ের মরদেহ বর্তমানে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। তবে তারা দু'জন রাতে সেখানে কেন গিয়েছিলেন সেটি জানতে পারিনি। দুর্ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাত গাড়িটি শনাক্ত এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।