কুমিল্লায় বিদেশি পিস্তল বহনের দায়ে আটক ২

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পিএম

কুমিল্লা নগরের গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল নিয়ে ঘোরাঘুরির অভিযোগে দুজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি।

আটক মো. মনজুরুল ইসলাম (৩০) গোবিন্দপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আর মো. ছামির ইসলাম (২০) কোতোয়ালি মডেল থানার দৌলতপুর গ্রামের মো. হুমায়ুনের ছেলে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন এসআরবি কুমিল্লার উপপরিচালক সাদমান ইবনে আলম।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার দুপুরে কোতোয়ালি মডেল থানাধীন গোবিন্দপুর এলাকায় অভিযান চালায় এসআরবি-১১। এ সময় তাদের তল্লাশি করে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

এসআরবি ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কুমিল্লার বিভিন্ন এলাকায় অস্ত্র প্রদর্শন করে ছিনতাই, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধে জড়িত থাকার কথা জানিয়েছে।

এদিকে মনজুরুল ইসলাম ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে দাবি ওঠেছে। ২০২১ সালে তিনি কুমিল্লা মহানগর ছাত্রদলের ৭ নম্বর ওয়ার্ডের সদস্যসচিব ছিলেন বলেও দাবি করা হয়েছে।

তবে কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদুজ্জামান রানা বলেন, ‘এই কমিটিগুলো আগের সভাপতি ও সাধারণ সম্পাদক দিয়েছেন। আমি তাকে চিনি না।’

এ বিষয়ে কুমিল্লা সিপিসি-২-এর (এসআরবি) উপপরিচালক সাদমান ইবনে আলম জানান, গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত