রাজনৈতিক আশ্রয়ে দখলবাজি: ৩৮ নাগরিকের উদ্বেগ

বিবৃতিতে তারা বলেন, বাস্তবতার সঙ্গে মন্ত্রীর বক্তব্যের কোনো মিল নেই। এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় কেবল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নয়, পুরো সরকারকেই নিতে হবে। 

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পিএম
দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক প্রভাব ও পেশীশক্তি খাটিয়ে জমি-বাড়ি দখল, হাসপাতাল ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট এবং চাঁদাবাজির ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন নাগরিক সমাজের ৩৮ জন বিশিষ্ট প্রতিনিধি। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এই উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, সম্প্রতি প্রকাশ্য দিবালোকে ও রাতের অন্ধকারে দখলদারিত্ব ও হিংসাত্মক ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। সম্প্রতি রাজধানীর মিরপুরে সুবিধাবঞ্চিতদের সেবা দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুর ও লুটপাট, মোহাম্মদপুরে অস্ত্রশস্ত্র নিয়ে বেড়িবাঁধ সংলগ্ন জমি ও হাউজিং অফিসে হামলা চালিয়ে লাখ লাখ টাকা এবং আসবাবপত্র লুট, এবং ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সরকারি দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজির মতো ঘটনা ঘটেছে।

নাগরিক সমাজ উল্লেখ করে, রাজধানীর বাইরে পটুয়াখালী, নোয়াখালী ও ভোলার বিভিন্ন চরাঞ্চলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভূমিহীনদের উচ্ছেদ ও খাসজমি দখলের ঘটনা মহামারি আকার ধারণ করেছে। এর পাশাপাশি সারা দেশে নারী ও শিশু নির্যাতন এবং ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিরই স্পষ্ট ইঙ্গিত দেয়।

বিবৃতিতে আনু মোহাম্মদ, সুলতানা কামাল, ড. ইফতেখারুজ্জামান, খুশী কবির ও শহিদুল আলমসহ বিশিষ্ট নাগরিকরা বলেন, এসব কর্মকাণ্ড শুধুমাত্র বিচ্ছিন্ন সন্ত্রাসী ঘটনা নয়। এতে শাসকদলসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী মহল, পতিত সরকারের অনুসারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর একাংশের পরোক্ষ বা প্রত্যক্ষ সম্পৃক্ততার তথ্য মিলছে। ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিক সময়ে কঠোর আইনি ব্যবস্থা নিতে পারছে না।

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর 'আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে' সংক্রান্ত বক্তব্যের কঠোর সমালোচনা করে বিবৃতিতে তারা বলেন, বাস্তবতার সঙ্গে মন্ত্রীর বক্তব্যের কোনো মিল নেই। এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় কেবল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নয়, পুরো সরকারকেই নিতে হবে। অবিলম্বে উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তি ও তাদের আশ্রয়দাতা-পৃষ্ঠপোষকদের চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান দেশের এই শীর্ষস্থানীয় নাগরিকেরা।
 
সর্বশেষ সর্বাধিক পঠিত