দুদকের প্রেস ব্রিফিং

আসিফ মাহমুদের রিট আবেদন কার্যতালিকা থেকে বাদ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পিএম

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরুর সিদ্ধান্তের পর ‘প্রাথমিক সত্যতা পাওয়া’র ঘোষণা-সংক্রান্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন দ্বৈত বেঞ্চ আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী ইউসুফ আলী ও জহিরুল ইসলাম মুসা। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মাহবুবুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জসীম সরকার, মোহাম্মদ ইমাম হোসেন তারেক।

অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা দেশ রূপান্তরকে বলেন, ‘এটা হাইকোর্টের অবকাশকালীন (১৬ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবর পর্যন্ত অবকাশ) বেঞ্চ। এ রিট আবেদনের ওপর একটু লম্বা শুনানি হবে। জ্যেষ্ঠ বিচারপতি অবকাশে আর বসবেন না। এজন্য তিনি আবেদনটি কার্যতালিকা থেকে ডিলিট (বাদ) করেছেন। আমরা আবেদনটি অবকাশ শেষে নিয়মিত বেঞ্চে উপস্থাপন করব।’

গত রবিবার আসিফ মাহমুদের পক্ষে এ রিট আবেদনটি করা হয়। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র।

রিট আবেদনে, গত ২ ও ১৩ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক ও সহকারী পরিচালকের করা প্রেস ব্রিফিং সংবিধানের ৩১ অনুচ্ছেদ ও ২০১১ সালের তথ্য অবমুক্তকরণ নীতিমালার লঙ্ঘন হওয়ায় কেন অবৈধ ঘোষণা করা হবে না, এ মর্মে রুলের আরজি জানানো হয়। পাশাপাশি কোনো অনুসন্ধান বা তদন্ত চলমান অবস্থায়, সে বিষয়ে কোনো ধরনের প্রেস ব্রিফিং করা থেকে দুদককে বিরত রাখতে কেন নির্দেশ দেওয়া হবে না, এ বিষয়ে রুল চান রিটকারী আইনজীবী।

সর্বশেষ সর্বাধিক পঠিত