আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে গুজব ও অপপ্রচার রোধে সতর্ক থাকার জন্য মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। গতকাল মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশ দেন।
আইজিপি বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘেœ উদযাপনের লক্ষ্যে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পূজাকে সামনে রেখে সামাজিক মাধ্যমে গুজব ও অপপ্রচার ছড়ানোর আশঙ্কা রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে এবং অপপ্রচার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সভায় মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন আইজিপি। তিনি বলেন, অপরাধীর ক্ষেত্রে কোনো দলীয় পরিচয় বিবেচনার সুযোগ নেই। অপরাধীর একমাত্র পরিচয় অপরাধী। কিশোর অপরাধীদের বিরুদ্ধেও যথাযথ আইনি ব্যবস্থা নিতে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন। মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে আইজিপি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. সায়েদুর রহমান। তিনি কিশোর গ্যাংয়ের বিষয়ে তথ্য সংগ্রহ এবং তাদের পেছনে কোনো প্রভাবশালী ব্যক্তি রয়েছে কি না, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি ইউনিটকে নিজ নিজ নিরাপত্তা পরিকল্পনা প্রণয়নেরও নির্দেশ দেন সায়েদুর রহমান।