বাঁশখালী (চট্টগ্রাম), বগুড়া ও সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও দুজন আহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর।
গাজীপুর : মেয়ের বিয়ের বাজার করতে ভোরে বাড়ি থেকে বের হয়েছিলেন বাবা লোকমান হোসেন (৫০)। কিন্তু সেই বাজার নিয়ে আর বাড়ি ফেরা হলো না তার। ঢাকান্ডময়মনসিংহ মহাসড়কে মাছবাহী একটি গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন তিনি। একই ঘটনায় ওই গাড়িতে থাকা মাছ ব্যবসায়ী দিরুও নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর জেসন গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সালনা হাইওয়ে থানার ওসি শাহাবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কালিহাতী (টাঙ্গাইল) : টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় শহিদুল ইসলাম (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি আশা এনজিওর মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন। গতকাল দুপুরে টাঙ্গাইল-জামালপুর-ময়মনসিংহ সড়কের কালিহাতী পৌরসভার চাটিপাড়া ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম ঘাটাইল উপজেলার বাসিন্দা।
শিবালয় (মানিকগঞ্জ) : ঢাকান্ডআরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপড়া এলাকায় রয়েল এক্সপ্রেসের দূরপাল্লার বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শাহ আলম নামে এক কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের হেলপার গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সখীপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের সখীপুরে ট্রাকচাপায় সিরাজ ইসলাম (৬০) নামের এক অটোভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল দুপুর দেড়টার দিকে সখীপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিরাজ ইসলাম সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর এলাকার জায়দা মার্কেটের বাসিন্দা। জানা যায়, সিরাজ ইসলাম আন্দি এলাকা থেকে অটোভ্যান চালিয়ে সখীপুরের দিকে আসছিলেন। পথে একটি ট্রাক ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তার অটোভ্যানটিকে সজোরে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক শামসুল হক নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে সুমন নামে আরোহী এক যুবক। আহতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গত সোমবার রাতে সদর উপজেলার সৈয়দপুর এলাকায় সেতুর উপর এ দুর্ঘটনা ঘটে। নিহত শামসুল বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নের মালিবাগ গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ও আহত সুমন একই এলাকার আফজাল হোসেনের ছেলে।
জানা যায়, রাতে শামসুল একটি মোটরসাইকেলে নারায়ণগঞ্জ থেকে বন্দরের দিকে যাচ্ছিল। সেতুতে ওঠার সময় মোটরসাইকেলটির গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই শামসুল মারা যান।