শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রি কেন্দ্র করে রাজধানীর বাংলাবাজারে ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) বিক্রয়কেন্দ্রে তালা দেওয়ার ঘটনার পর বিবৃতি দিয়েছে প্রতিষ্ঠানটি। ইউপিএল বলেছে বইটি নিষিদ্ধ নয়। কোনো বই নিষিদ্ধ করতে হলে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। ‘অসমাপ্ত আত্মজীবনী’র ক্ষেত্রে সরকার বা আদালতের পক্ষ থেকে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তাদের জানা নেই।
ইউপিএল জানায়, কোনো দায়িত্বশীল কর্তৃপক্ষ আইনগতভাবে বইটি নিষিদ্ধ করলে তারা সেই সিদ্ধান্ত মেনে চলবে।
ইউপিএল জানায়, গত সোমবার বিকেল সাড়ে ৫টায় বাংলাবাজারের বিক্রয়কেন্দ্রে কয়েকজন এসে ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি নিষিদ্ধ দাবি করেন এবং এটি কেন বিক্রি করা হচ্ছে, তা জানতে চান। একপর্যায়ে সেখানে হট্টগোলের সৃষ্টি হয়। পরে বিক্রয়কেন্দ্রের শাটার বন্ধ করে দেওয়া হয় এবং দুই বিক্রয়কর্মীকে হয়রানি করা হয়। তাদের ফরিদাবাদ পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
ইউপিএল আরও বলেছে, প্রতিষ্ঠানটি নির্দিষ্ট প্রকাশনা নীতি অনুসরণ করে বই প্রকাশ করে। পা-ুলিপি প্রকাশের আগে স্বাধীনভাবে পর্যালোচনা করা হয় এবং পর্যালোচকদের মতামতের ভিত্তিতে বই প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়। বিভিন্ন সময়ে চাপের মুখেও তারা এই নীতি অনুসরণ করেছে। ‘অসমাপ্ত আত্মজীবনী’ বাংলাদেশের ইতিহাস এবং তাদের প্রকাশনা প্রতিষ্ঠানের ইতিহাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই।
প্রকাশনা ও বই বিক্রির ক্ষেত্রে বেআইনি চাপ ও হুমকির ঘটনায় উদ্বেগ জানিয়ে ইউপিএল লেখক, পাঠক, শিক্ষক, সাংবাদিক, গবেষক ও প্রকাশনা সংশ্লিষ্টদের পাশে থাকার আহ্বান জানিয়েছে।
এদিকে ঘটনার বিষয়ে ঢাকার সূত্রাপুর থানার ওসি মতিয়ার রহমান দেশ রূপান্তরকে বলেন, প্রকাশনা সংস্থা বন্ধ করে দেওয়ার বিষয়ে কোনো তথ্য তার জানা নেই। থানায় কেউ অভিযোগও করেনি।