দখল হামলা চাঁদাবাজি বাড়ায় ৩৮ নাগরিকের উদ্বেগ

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ এএম

দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক ও পেশিশক্তির প্রভাব খাটিয়ে ভূমি ও বাড়িদখল, খাসজমি থেকে উচ্ছেদ, হামলা ও চাঁদাবাজির ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছেন ৩৮ বিশিষ্ট নাগরিক। গত কিছু দিনে এসব ঘটনা বেড়েছে উল্লেখ করে তারা বলেছেন, এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রবণতা স্পষ্ট হচ্ছে।

গতকাল মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে তারা বলেন, বিভিন্ন জেলায় ভূমি ও বাড়িদখল, চর ও খাসজমি থেকে ভূমিহীনদের উচ্ছেদ এবং বাড়িঘরে হামলার খবর আসছে। রাজধানীর মিরপুর ১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাট এবং মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় কয়েকশ লোকের হামলা, ভাঙচুর ও জমিদখলের অভিযোগের কথাও তারা উল্লেখ করেন। মোহাম্মদপুরের ঘটনায় টাকা, জমির দলিলসহ বিভিন্ন মালামাল লুটের অভিযোগ করা হয়েছে। এ ছাড়া ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও বিবৃতিতে উল্লেখ করা হয়।

পটুয়াখালীর চরবাংলা, নোয়াখালীর ভাটিরটেক ও চরফ্যাশন এবং ভোলার বিভিন্ন চরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভূমিহীনদের উচ্ছেদ ও জমিদখলের অভিযোগ করেন তারা। জমির ফসল লুটের কথাও বলা হয়। পাশাপাশি ঢাকা মহানগরসহ বিভিন্ন শহরে ছিনতাই এবং শিশুধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, এসব ঘটনার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী মহল, পতিত সরকারের সশস্ত্র অনুসারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাংশের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। কোথাও রাজনৈতিক নেতাকর্মীদের সম্পৃক্ততার কারণে পুলিশ যথাযথ ব্যবস্থা নিতে পারছে না বলেও অভিযোগ করেন তারা।

এসব ঘটনার উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত করে জড়িত ব্যক্তি, গোষ্ঠী এবং পৃষ্ঠপোষকদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানান ৩৮ নাগরিক। তাদের মতে, এসব ঘটনায় শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয় নয়, সামগ্রিকভাবে সরকারেরও জবাবদিহির দায় রয়েছে।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন সুলতানা কামাল, আনু মুহাম্মদ, খুশী কবির, শিরীন পারভিন হক, ইফতেখারুজ্জামান, আবু সাঈদ খান, জেডআই খান পান্না, সারা হোসেন, শাহীন আনাম, শহীদুল আলম, স্বপন আদনান, শামসুল হুদা, সামিনা লুৎফা, সুমাইয়া খায়ের, গীতি আরা নাসরীন, জোবাইদা নাসরীন, তাসনিম সিরাজ মাহবুব, নোভা আহমেদ, ফিরদৌস আজিম, রেহনুমা আহমেদ, সাঈদ ফেরদৌস, সুব্রত চৌধুরী, নায়লা খান, মো. নূর খান, পাভেল পার্থ, ঈশিতা দস্তিদার, মনিন্দ্র কুমার নাথ, রোজিনা বেগম, জাকির হোসেন, সাইদুর রহমান, সালেহ আহমেদ, রেজাউল করিম চৌধুরী, শাহেদ কায়েস, মিঠুন রাকসাম, সাঈদ আহমেদ, দীপায়ন খীসা, হানা শামস আহমেদ ও মুক্তাশ্রী চাকমা।

সর্বশেষ সর্বাধিক পঠিত