শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মধ্যরাতে রাজধানীর ছয়টি প্রেস পরিদর্শন করেছেন। গতকাল মঙ্গলবার রাত ১২টার পর প্রেস পরিদর্শন শুরু করেন তিনি। প্রেসগুলো হলো মৌসুমী অফসেট প্রেস, ফায়িজা প্রিন্টিং প্রেস, শৈলী প্রিন্টার্স, বর্ণশিখা অফসেট প্রিন্টার্স, সোনালী ওয়েব প্রিন্টার্স, ন্যাশনাল প্রিন্টার্স। এসব প্রতিষ্ঠান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) আওতায় আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপার কাজ করছে।
নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপার কাজের গুণগতমান যাচাইয়ের জন্য পূর্বঘোষণা ছাড়াই মন্ত্রী ঢাকার ছয়টি প্রেস পরিদর্শন করেন। প্রেস পরিদর্শনের সময় তিনি পাঠ্যবই ছাপার কাজের বাস্তব পরিস্থিতি সরেজমিন দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
এ সময় শিক্ষামন্ত্রী বইয়ের কাগজের মান, ছাপার গুণগতমান এবং ছাপার কাজের সার্বিক অগ্রগতি যাচাই করেন। এ ছাড়া তিনি শিক্ষার্থীদের হাতে সময়মতো মানসম্মত পাঠ্যবই পৌঁছে দিতে ছাপার কাজে নির্ধারিত মান বজায় রাখার ওপর গুরুত্ব দেন। এ ছাড়া, বই ছাপার ক্ষেত্রে গুণগতমান নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করেন।