ভিনিসিয়ুসকে ‘ধৈর্য’ ধরতে বললেন আনচেলত্তি

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ এএম

মাঠের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ভিনিসিয়ুস জুনিয়রের। ফিফা বিরতি আগে রিয়াল মাদ্রিদের হয়ে আট ম্যাচে করেছেন স্রেফ ১টি গোল। তবে ক্লাব ফুটবলের বিবর্ণ পারফরম্যান্স ছাপিয়ে আন্তর্জাতিক আঙিনায় ফিরে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন সেলেসাওদের এই তারকা উইঙ্গার। 

ভিনিসিয়ুসের এমন কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তিও। অস্ট্রেলিয়ার বিপক্ষে গতকালের প্রীতি ম্যাচে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পর তিনি জানান, ভিনির ফর্মে ফেরার প্রক্রিয়ায় এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন সময়ের ও ধৈর্যের।

ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ৪-২ গোলের জয়ে দলের তৃতীয় গোলটিতে সরাসরি অবদান রাখার পাশাপাশি শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করেন ভিনি। অতীতে রিয়াল মাদ্রিদে একসঙ্গে কাজ করার সুবাদে ভিনিকে খুব কাছ থেকে চেনার কথা উল্লেখ করে ব্রিসবেনে ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, ‘আমি ভিনিকে খুব ভালো করে জানি। আমার কাছে সে জাতীয় দলের একজন চাবিকাঠি। ব্রাজিলের জন্য একজন মূল খেলোয়াড় এবং আমার নিজের ফুটবল যাত্রায়ও সে একজন প্রধান খেলোয়াড় ছিল। সে ভবিষ্যতের জন্যও একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়।’

যেকোনো সময়ই পার্থক্য গড়ে দেওয়ার সামর্থ্য রাখে ভিনিসিয়ুস। সেই প্রসঙ্গে আনচেলত্তি বলেন, ‘সে কি এখন তার সেরা ফর্মে আছে? না, সে নেই; কিন্তু এটি কেবল মৌসুমের শুরু। আর ভিনি সবসময়ই, এমনকি সে যখন তার সেরা ফর্মে থাকে না তখনও পার্থক্য গড়ে দিতে পারে, ঠিক যেমন সে আজ করেছে।’ 

ভিনির বর্তমান অবস্থা ও তার কার্যকারিতার প্রশংসা করে সেলেসাওদের কোচ আরও যোগ করেন, ‘যে গোলটি ম্যাচটিকে সত্যিকার অর্থে খুলে দিয়েছিল, তা তারই কল্যাণে সম্ভব হয়েছিল। তাই আমি খুব ধৈর্য ধরতে যাচ্ছি, কারণ সে ওই ধৈর্য পাওয়ার যোগ্য।’ 

অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয় আত্মবিশ্বাস জোগালেও সেলেসাওদের বিশ্রামের ফুরসত নেই। ওশেনিয়া সফর শেষ করে ব্রাজিল দল এখন এশিয়ার পথে। আগামী শনিবার কলকাতার মাটিতে স্বাগতিক ভারতের বিপক্ষে আরও একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। 

সর্বশেষ সর্বাধিক পঠিত