চট্টগ্রামের মিরসরাইয়ে কারখানায় অগ্নিদগ্ধ হওয়া চীনা নাগরিকসহ দুজনকে দেখতে হাসপাতালে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তিনি ভর্তি ওই রোগীর খোঁজখবর নেন।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী তাদের চিকিৎসায় সর্বোচ্চ চেষ্টার তাগিদ দেন দায়িত্বরত চিকিৎসদের। চীনা নাগরিকের সাথে থাকা স্বজনদের আশ্বাস দেন, বার্ন ইনস্টিটিউটেরই তার সর্বোচ্চ চিকিৎসা সম্ভব। তারপরও যদি তারা মনে করেন, তাহলে তাদের নিজ দেশে রোগীকে নিয়ে যেতে পারেন।
বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন জানান, মঙ্গলবার রাতে চট্টগ্রাম থেকে এক চীনা নাগরিক ও এক বাংলাদেশী রোগীকে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। চীনা নাগরিকের শরীরের ৪০ শতাংশ ও বাংলাদেশী নাগরিকের ৯০ শতাংশ পুড়ে গেছে। তাদের দুজনকেই লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
এর আগে, সোমবার দুপুরে মিরসরাইয়ে একটি স্টিল মিলে চুল্লির গলিত লোহা ছিটকে পড়ে জেংলিং হং নামে এক চীনা নাগরিক ও ৩ বাংলাদেশী শ্রমিক দগ্ধ হন। তাদের মধ্যে চীনা নাগরিকসহ দুজনকে ঢাকায় নিয়ে আসা হয়।