আরটিভিকে বেকায়দায় ফেলে যুক্তরাষ্ট্রে লুইপা!

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পিএম

দেশের অডিও অঙ্গনে পরিচিত কণ্ঠশিল্পী জিনিয়া জাফরিন লুইপার বিরুদ্ধে কথা না রেখে শুটিং ফাঁসানোর অভিযোগ তুলেছে বেসরকারি স্যাটেলাইট টিভি স্টেশন আরটিভি। পাশাপাশি ভিসা পেয়েই অনুষ্ঠান ফেলে গায়িকার আমেরিকায় যাওয়ার খবরে জটিল পরিস্থিতির মুখে রয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

সম্প্রতি আরটিভিতে আবারও শুরু হয়েছে এই রিয়েলিটি শো-র দ্বিতীয় সিজনের কার্যক্রম। এবারও অনুষ্ঠানটির বিচারকের দায়িত্বে রয়েছেন লুইপা। প্রোমো শুট, পোস্টার শুট এবং প্রাথমিক বাছাই প্রক্রিয়া—সব কিছুতেই তার স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন। এমনকি প্রোমো ভিডিও, পোস্টারসহ অন্যান্য প্রচারণামূলক কাজে অংশ নিয়ে তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট থেকেও তা শেয়ার করেছিলেন। আয়োজকদের পক্ষ থেকে বলা হচ্ছে, রিয়েলিটি শো’র প্রথম থেকে সকল পরিকল্পনা, সিডিউল, এডভান্স গ্রহণ এবং নিয়মকানুন জেনেই গায়িকা সবার সঙ্গে কথা বলে কাজ শুরু করেছিলেন । স্টুডিও অডিশন রাউন্ডের শুটিং এ অংশগ্রহণ করেন। তবে শুটিং শেষে হুট করে ভিসা পাওয়ার অজুহাতে তিনি কর্তৃপক্ষকে জানান, ‘আমি আমেরিকার ভিসা পেয়ে গেছি, তাই আমেরিকা চলে যাবো; ফলে লিটল স্টার সিজন-২-এ আর থাকতে পারছি না।’ 

আয়োজকদের দাবি, বিষয়টি হঠাৎ জানানোয় অনুষ্ঠানটির পরবর্তী শুটিং ও পরিকল্পনায় জটিলতা তৈরি হয়েছে। শিশু-কিশোর প্রতিযোগী, তাদের অভিভাবক, স্পন্সর এবং অনুষ্ঠান সংশ্লিষ্টদের ওপরও এর প্রভাব পড়তে পারে বলে মনে করছে কর্তৃপক্ষ। এ বিষয়ে লুইপাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বোঝানোর চেষ্টা করা হয়েছিল বলেও জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। তবে যুক্তরাষ্ট্রে যাওয়ার সিদ্ধান্তে তিনি অটল থাকেন বলে তাদের বক্তব্য। 

হঠাৎ এমন পরিস্থিতি তৈরি হওয়ায় ‘আরটিভি লিটল স্টার সিজন-২’ নিয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে আরটিভি কর্তৃপক্ষ আলোচনা করছে। শিগগির এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিষয়টি নিয়ে বার বার বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করা হলেও কোনো সাড়া আসেনি লুইপার পক্ষ থেকে।

সর্বশেষ সর্বাধিক পঠিত