বিটিভিতে কাল ‘গান আলাপন’

আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ১২:৫৩ পিএম

বিটিভির নিয়মিত অনুষ্ঠান ‘গান আলাপন’। ইকবাল খন্দকারের গ্রন্থনা ও উপস্থাপনায় নির্মিত এই অনুষ্ঠানের এই পর্বে অতিথি হয়ে এসেছেন বর্তমান প্রজন্মের দুই জনপ্রিয় শিল্পী পুলক ও লুইপা। তারা কথা বলেছেন নিজেদের গাওয়া শ্রোতানন্দিত কিছু গান এবং গানগুলোর ভিডিও তথা মিউজিক ভিডিও সম্পর্কে। বিশেষ করে তারা প্রকাশ করেছেন গানগুলো তৈরি ও ভিডিওগুলো নির্মাণের পেছনের গল্প।

আর তাদের আলাপচারিতার ফাঁকে ফাঁকে থাকছে সেইসব ভিডিওর সম্প্রচার। শরিফা আক্তার রুবির প্রযোজনায়  ‘গান আলাপন’ এর এই পর্বটি বিটিভিতে প্রচার হবে শনিবার সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে। অনুষ্ঠানটি সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, ‘আজকাল শ্রুতিমধুর গানের পাশাপাশি গুরুত্ব পাচ্ছে গল্পনির্ভর ভিডিও। আর সেইসব ভিডিও নিয়েই নির্মিত হয়েছে আমাদের এবারের পর্ব। আশা করি দর্শকদের ভালো লাগবে।’

প্রযোজক শরিফা আক্তার রুবি বলেন, ‘বিটিভিতে সংগীতবিষয়ক নানারকম অনুষ্ঠান প্রচার হয়ে থাকে। তবে মিউজিক ভিডিও নিয়ে অনুষ্ঠান এর আগে কখনোই হয়নি। তাই ইতোমধ্যে অনুষ্ঠানটি দর্শকের পছন্দের তালিকায় স্থান করে নিতে সক্ষম হয়েছে। আশা করছি এই প্রজন্মের জনপ্রিয় দুই শিল্পীর গানের ভিডিও নিয়ে নির্মিত এই পর্বটিও তারা দারুণভাবে উপভোগ করবেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত