মোহামেডানে নতুন ভূমিকায় আরমান আজিজ

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পিএম

নতুন ফুটবল মৌসুমে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবল দলের ম্যানেজারের দায়িত্ব পেয়েছেন ক্লাবটির সাবেক ফুটবলার আরমান আজিজ। বুধবার বিকেলে ধানমন্ডি ক্লাব মাঠে দলের অনুশীলন পরিদর্শন করে তাঁর নাম ঘোষণা করেন ক্লাবের পরিচালক ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া। এ সময় পরিচালক (স্পোর্টস) মোস্তাকুর রহমানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মোহামেডানের সঙ্গে আরমান আজিজের সম্পর্ক দীর্ঘদিনের। ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত সাদা-কালো জার্সিতে খেলেছেন তিনি। এরপর মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও আবাহনীতে খেলে ২০১৫ সালে আবার মোহামেডানে ফেরেন। ক্লাবটিতে দুই বছর অধিনায়কের দায়িত্বও পালন করেছেন সাবেক এই হোল্ডিং মিডফিল্ডার। অধিনায়ক হিসেবে আরমান আজিজের নেতৃত্বে মোহামেডান জিতেছে একটি সুপার কাপ, দুটি ফেডারেশন কাপ ও একটি স্বাধীনতা কাপসহ পাঁচটি শিরোপা। খেলোয়াড় হিসেবেও জাতীয় লিগের শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন তিনি।

মোহামেডানের জার্সিতে তাঁর লড়াকু মানসিকতার অন্যতম স্মরণীয় উদাহরণ ২০০৮ সালের ফেডারেশন কাপের ফাইনাল। ম্যাচের আগে ডান পায়ে গুরুতর চোট পেয়ে ১১টি সেলাই নিতে হয়েছিল তাঁকে। চিকিৎসক ২১ দিন বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু মাত্র দুই দিন পরই আবাহনীর বিপক্ষে ফাইনালে মাঠে নামেন আরমান। সেই ম্যাচে একপর্যায়ে ১-০ গোলে পিছিয়ে ছিল মোহামেডান। পরে রবিনের গোলে সমতায় ফেরে দলটি। সেই গোলের পাসটি দিয়েছিলেন আরমান আজিজ।

২০১৭ সালে শেখ কামাল আন্তর্জাতিক টুর্নামেন্টে চট্টগ্রাম আবাহনীর জার্সিতে মোহামেডানের বিপক্ষেই ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেন তিনি। এবার খেলোয়াড় হিসেবে নয়, নতুন ভূমিকায় আবারও ফিরলেন নিজের প্রিয় ক্লাবে। ম্যানেজারের দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আরমান আজিজ। তিনি বলেন, ‘আমি অনেক খুশি। যে ক্লাবে খেলে আমি আরমান আজিজ হতে পেরেছিলাম, যে ক্লাবের জার্সি পরে দেশের ক্রীড়াঙ্গনে পরিচিতি পেয়েছিলাম, সেই ক্লাবের ম্যানেজার হওয়াটা আমার জন্য অনেক গর্বের, অনেক আনন্দের। একই সঙ্গে এটি অনেক দায়িত্বেরও।’ দায়িত্বটি সঠিকভাবে পালনে সবার সহযোগিতা চেয়ে তিনি বলেন, ‘আশা করি, সবার সহযোগিতা নিয়ে মোহামেডান ফুটবল দলের ম্যানেজারের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারব।’

এবারের দল নিয়ে আশাবাদী আরমান আজিজ। তাঁর ভাষায়, ‘মোহামেডান এবার চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গড়েছে। ক্লাব কর্তৃপক্ষ যে আশা নিয়ে আমাকে দায়িত্ব দিয়েছে, আমি সেই আশা পূরণ করতে সচেষ্ট থাকব।’

 
সর্বশেষ সর্বাধিক পঠিত