একই দিনে টম ক্রুজের ‘ডিগার’, সঙ্গে ফিরছে ‘রেসিডেন্ট ইভিল’

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পিএম

বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করা হলিউড তারকা টম ক্রুজকে এবার যেন চেনাই মুশকিল! ধূসর-সাদা চুল, বড় ভুঁড়ি, বলিরেখায় ভরা মুখ আর সম্পূর্ণ বদলে যাওয়া শরীরী ভাষায় পর্দায় আসছেন হলিউডের এই তারকা। একই দিনে বাংলাদেশের দর্শকদের জন্য স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে নতুন ‘রেসিডেন্ট ইভিল’ও। ২ অক্টোবর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে দুইবারের অস্কারজয়ী নির্মাতা আলেহান্দ্রো জি. ইনারিতু পরিচালিত ‘ডিগার’। ওয়ার্নার ব্রাদার্সের ব্যানারে নির্মিত সিনেমাটিতে টম ক্রুজকে দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন এক চরিত্রে। আন্তর্জাতিক মুক্তির দিনেই স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি। ‘ডিগার’-এ টম ক্রুজ অভিনয় করেছেন বিশ্বের অন্যতম ক্ষমতাধর ধনকুবের ডিগার রকওয়েল চরিত্রে। তার প্রতিষ্ঠানের একটি প্রকল্পের কারণে গ্রিনল্যান্ডের বিশাল হিমবাহ সরে যেতে শুরু করে। ছোট একটি পরিবেশগত বিপর্যয় ধীরে ধীরে বৈশ্বিক সংকটে রূপ নেয়। বিজ্ঞানীদের আশঙ্কা, এর জেরে ভয়াবহ জলবায়ু বিপর্যয়ের পাশাপাশি পারমাণবিক যুদ্ধের আশঙ্কাও তৈরি হতে পারে।

কিন্তু শুরুতে এসবকে গুরুত্ব দিতে নারাজ ডিগার। বরং নিজের ব্যবসার স্বার্থে পরিস্থিতিকে উপেক্ষা করেন তিনি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে শুরু হয় তার নতুন লড়াই; পৃথিবীকে বাঁচানোর চেয়ে নিজেকে মানবজাতির ত্রাতা হিসেবে প্রতিষ্ঠা করার লড়াই। ‘বার্ডম্যান’ ও ‘দ্য রেভেন্যান্ট’-এর মতো সিনেমার নির্মাতা ইনারিতুর এই ছবিতে হাস্যরসের সঙ্গে উঠে এসেছে জলবায়ু সংকট, করপোরেট লোভ, রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার ও মানবসভ্যতার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন। সিনেমাটি নিয়ে আলোচনার অন্যতম কারণ টম ক্রুজের রূপান্তর। ‘টপ গান’ কিংবা ‘মিশন: ইম্পসিবল’-এ দর্শক যে সুদর্শন, আত্মবিশ্বাসী ও অদম্য নায়ককে দেখেছেন, ‘ডিগার’-এ তার ঠিক বিপরীত এক মানুষকে হাজির করা হয়েছে। চরিত্রটি তৈরি করতে পোশাক, মেকআপ, দাঁতের গঠন, হাঁটার ধরন ও সঙ্গীতের ছন্দ নিয়েও নির্মাতার সঙ্গে বিস্তারিত কাজ করেছেন ক্রুজ।

টম ক্রুজ নিজেও জানিয়েছেন, চরিত্রটি তৈরি করতে তিনি পোশাক, মেকআপ, দাঁতের গঠন, হাঁটার ধরন, এমনকি সঙ্গীতের ছন্দ পর্যন্ত নিয়ে নির্মাতার সঙ্গে বিস্তারিত কাজ করেছেন। তিনি মনে করেন, একটি চরিত্র শুধু সংলাপ দিয়ে তৈরি হয় না। চরিত্রের প্রতিটি দৃশ্যমান উপাদান গল্প বলার অংশ হয়ে ওঠে। তিনি মনে করেন, চার দশকের অভিনয়জীবনের অভিজ্ঞতা তাকে এই চরিত্রে পৌঁছাতে সাহায্য করেছে। ইনারিতুও টম ক্রুজের এই রূপান্তরের প্রশংসা করেছেন। তার মতে, দর্শক ক্রুজকে ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্যে বহুবার দেখেছেন, কিন্তু ‘ডিগার’-এ তিনি যে অভিনয় করেছেন, সেটি সম্পূর্ণ অন্য ধরনের নির্ভীকতা।

অন্যদিকে, একই দিনে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে জনপ্রিয় হরর ফ্র্যাঞ্চাইজি ‘রেসিডেন্ট ইভিল’-এর নতুন সিনেমা। জাপানি ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ক্যাপকমের জনপ্রিয় গেম সিরিজ অবলম্বনে প্রায় দুই যুগ আগে হলিউডে শুরু হয়েছিল এই ফ্র্যাঞ্চাইজি। ২০০২ সালে মুক্তি পাওয়া প্রথম সিনেমার পর এটি সাতটি ছবির সফল সিরিজে পরিণত হয়। ২০২১ সালে ‘রেসিডেন্ট ইভিল: ওয়েলকাম টু রাকুন সিটি’ দিয়ে সিরিজটি রিবুট করা হয়েছিল। জ্যাক ক্রেগার পরিচালিত নতুন ‘রেসিডেন্ট ইভিল’ সিরিজটির দ্বিতীয় রিবুট এবং সামগ্রিকভাবে অষ্টম সিনেমা। এতে অভিনয় করেছেন অস্টিন আব্রামস, জ্যাক চেরি, কলি রেইস ও পল ওয়াল্টারসহ অনেকে।

এবারের গল্পের কেন্দ্রে ব্রায়ান নামের এক মেডিকেল কুরিয়ার। সাধারণ একটি ডেলিভারি করতে গিয়ে প্রাণঘাতী সংক্রমণ ও দানবীয় প্রাণীদের ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়ে যায় সে। কোনো প্রশিক্ষিত সৈনিক বা বিশেষ ক্ষমতাসম্পন্ন নায়ক নয় ব্রায়ান; বেঁচে থাকার জন্য তার ভরসা বুদ্ধি, সীমিত অস্ত্র-সরঞ্জাম ও নিজের লড়াইয়ের ক্ষমতা। গল্পটি ‘রেসিডেন্ট ইভিল টু’-এর সময়কার রাকুন সিটির আশপাশে স্থাপন করা হয়েছে। তবে এটি গেমটির সরাসরি সিনেমাটিক পুনর্নির্মাণ নয়। বরং মূল ঘটনার পাশাপাশি শহরের অন্য প্রান্তে এক সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াই তুলে ধরা হয়েছে। পরিচালক জ্যাক ক্রেগার বলেছেন, তিনি এমন একটি সিনেমা বানাতে চেয়েছেন যেখানে দর্শকের মনে হবে ‘আমি নিজেই রেসিডেন্ট ইভিল গেমের মধ্যে ঢুকে গেছি।’

সর্বশেষ সর্বাধিক পঠিত