মেসিদের লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ মাস সেরা সুলিভান

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ১১:২৫ এএম

১৭ বছর বয়সটা সাধারণত কিশোরদের কাছে স্কুল কিংবা অ্যাকাডেমির গণ্ডি পেরোনোর সময়। কিন্তু আমেরিকান ফুটবল আকাশে এই বয়সেই এক ধূমকেতুর মতো আবির্ভূত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান। 

মাঠে নামলেই রেকর্ড গড়া যার অভ্যাসে পরিণত হয়েছে, সেই ফিলাডেলফিয়া ইউনিয়ন মিডফিল্ডার এবার গড়লেন আরও এক দুর্দান্ত ইতিহাস। মাত্র ১৭ বছর ও দুই দিন বয়সে জিতে নিলেন মেজর লিগ সকারের (এমএলএস) মাসসেরা খেলোয়াড়ের সম্মান। যা লিওনেল মেসিদের মতো তারকাখচিত এই লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সে মাস সেরার অর্জন জেতার নজির।

সেপ্টেম্বর মাসটি সুলিভানের জন্য ছিল এককথায় জাদুকরী। তার দুর্দান্ত নৈপুণ্যে ভর করে এই পুরো মাসে টানা ৫ ম্যাচেই জয় তুলে নিয়েছে ফিলাডেলফিয়া ইউনিয়ন। মাঠের খেলায় নিজের দ্যুতি ছড়িয়ে এই এক মাসে সর্বোচ্চ ৯টি গোল অবদান (গোল কন্ট্রিবিউশন) রেখেছেন সুলিভান, যা পুরো এমএলএসে সবার সেরা। এর মধ্যে ৫টি অ্যাসিস্ট করে তিনি আছেন তালিকার শীর্ষে এবং ৪টি গোল করে যৌথভাবে রয়েছেন তৃতীয় স্থানে। টানা আটটি ম্যাচে গোল বা অ্যাসিস্ট করার অনবদ্য রেকর্ড গড়েছেন এই টিনএজার সেনসেশন।

চলতি মৌসুমে সুলিভানের পরিসংখ্যানগুলো একদম চোখে পড়ার মতো। ২৪টি লিগ ম্যাচে মাঠে নেমে (যার মধ্যে ১৭টি ছিল শুরুর একাদশে) তিনি ইতিমধ্যেই ৭টি গোল ও ১২টি অ্যাসিস্ট নিজের নামের পাশে যোগ করেছেন।

তার এই ১৯টি গোল অবদানের রেকর্ডটি এক মৌসুমে কোনো তরুণ ফুটবলারের ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ, যা তিনি ভাগ করে নিয়েছেন বায়ার্ন মিউনিখের তারকা আলফনসো ডেভিসের সঙ্গে। 

এর আগে ২০২৪ সালে ১৭ জুলাই নিউ ইংল্যান্ড রেভোলিউশনের বিপক্ষে মাঠে নেমে উত্তর আমেরিকার শীর্ষ দলগত ক্রীড়া ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেক হয়েছিল তার। সে সময় সুলিভানের বয়স ছিল মাত্র ১৪ বছর ২৯৩ দিন।

এমএলএস নেক্সট লিগ ও এমএলএস নেক্সট প্রো হয়ে মূল দলে জায়গা করে নেওয়া এবং সেখান থেকে সোজা মাসসেরার স্বীকৃতি পাওয়া, এমএলএসের খেলোয়াড় তৈরির ইতিহাসে এই পথ পেরিয়ে আসার নজির এই প্রথম। প্রতিভার আলো ছড়িয়ে দিয়ে কাভান সুলিভান কেবল ফিলাডেলফিয়ার নয়, বরং যুক্তরাষ্ট্রের ফুটবলেরই আগামী দিনের সবচেয়ে উজ্জ্বল তারকা হয়ে ওঠার পথে ছুটছেন অপ্রতি রোধ্য গতিতে।

সর্বশেষ সর্বাধিক পঠিত