শৈলকুপায় ঘুমন্ত স্বামীকে হত্যা চেষ্টার অভিযোগে নারী আটক 

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পিএম

ঝিনাইদহের শৈলকুপায় দাম্পত্য কলহের জেরে ঘুমন্ত স্বামীর গলা ও গোপনাঙ্গ কেটে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় সুমাইয়া খাতুন নামে ওই নারীকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে উপজেলার আড়ুয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহত মিরাজ বিশ্বাস ওই গ্রামের কৃষক। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিরাজ বিশ্বাসের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর প্রায় এক বছর আগে সুমাইয়া খাতুনকে বিয়ে করেন তিনি। বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। সম্প্রতি জ্বরে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন মিরাজ। এ সময় স্ত্রী তার সেবা-যত্ন করছেন না—এমন অভিযোগ নিয়ে বুধবার তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মিরাজ স্ত্রীকে থাপ্পড় দেন।  

পরে রাতে মিরাজ ঘুমিয়ে পড়লে সুমাইয়া ধারালো অস্ত্র দিয়ে তার গলা ও গোপনাঙ্গে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। মিরাজের চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হবে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত