নাটোরে বড়শিতে ধরা পড়ল ১৪ কেজির চিতল

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পিএম

নাটোরের নলডাঙ্গা উপজেলার বারনই নদীতে বড়শিতে ধরা পড়েছে প্রায় ১৪ কেজি ওজনের একটি বিশাল আকৃতির চিতল মাছ। মাছটির ওজন ১৩ কেজি ৭০০ গ্রাম।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সোনাপাতিল গ্রামের বারনই নদীতে মাছটি ধরা পড়ে। বাঙ্গালখলসি গ্রামের এক জেলে বড়শি দিয়ে মাছ শিকার করার সময় হঠাৎ তার বড়শিতে বিশাল আকৃতির চিতল মাছটি আটকে যায়। অনেক চেষ্টার পর তিনি মাছটি নদী থেকে তুলতে সক্ষম হন। তবে ওই জেলের পরিচয় জানা যায়নি।

বিশাল চিতল মাছটি নদীর পাড়ে আনার পর একনজর দেখতে উৎসুক মানুষের ভিড় জমে। পরে মাছটি বিক্রির জন্য স্থানীয় সোনাপাতিল বাজারে নেওয়া হয়। সেখানে পশ্চিম সোনাপাতিল গ্রামের আনোয়ার, সালাম, জামিল, শফি, মতিনসহ ৬-৭ জন মিলে মাছটি প্রতি কেজি ৮৫০ টাকা দরে মোট ১১ হাজার ৪৭৫ টাকায় কিনে নেন।

মাছটির এক ক্রেতা মো. জামিল হোসেন বলেন, বারনই নদীতে এত বড় চিতল মাছ আগে কখনো দেখিনি। জীবনে প্রথমবারের মতো এমন বড় চিতল দেখলাম। পরে আমরা কয়েকজন মিলে মাছটি কেজি দরে কিনেছি।

সর্বশেষ সর্বাধিক পঠিত