বাগাতিপাড়ায় ইয়াবাসহ যুবক আটক

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ এএম

নাটোরের বাগাতিপাড়ায় ৩ পিস ইয়াবাসহ শাহাদৎ হোসেন (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে উপজেলার যোগীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত শাহাদৎ হোসেন উপজেলার উত্তর কোয়ালীপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

বাগাতিপাড়া মডেল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় যোগীপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় শাহাদৎ হোসেনকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল ইসলামের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত শাহাদৎ হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড দেন।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত