ফ্যামিলি কার্ড-কৃষি কার্ডে দুর্নীতি হলে নিজেই মামলা করব: ডেপুটি স্পিকার

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পিএম

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণে কেউ দুর্নীতি করলে আইনজীবী হিসেবে তিনি নিজেই বাদী হয়ে মামলা করবেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নেত্রকোনার দুর্গাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, ‘আমার নির্বাচনী প্রধান ওয়াদা ছিল, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নিয়ে কেউ দুর্নীতি করলে আইনজীবী হিসেবে আমি নিজে বাদী হয়ে মামলা দায়ের করব। আমি আমার দেওয়া ওয়াদা রক্ষা করব। তবে আমি চাই না এমন পরিস্থিতির সৃষ্টি হোক। আপনারা সবাই সততা ও নিষ্ঠার সঙ্গে প্রকৃত তথ্য সংগ্রহ করবেন।’

তথ্য সংগ্রহকারীদের উদ্দেশে তিনি বলেন, দল-মত, ধর্ম, বর্ণ ও শ্রেণির ঊর্ধ্বে উঠে প্রকৃত হকদারদের খুঁজে বের করতে হবে। তালিকা তৈরির কাজ একদম সর্বনিম্ন পর্যায় থেকে শুরু করতে হবে। ছাপড়া ঘরে বসবাসকারী কিংবা যাদের কোনো ঘর নেই, তাদের আগে খুঁজে বের করতে হবে। এরপর ধাপে ধাপে ওপরে উঠতে হবে। দুর্গাপুরের একজন দরিদ্র মানুষও যেন এ সুবিধা থেকে বঞ্চিত না হন। এই আমানত ও ঈমানি দায়িত্ব তাদের ওপর ন্যস্ত।

বিগত সময়ে তালিকায় অনিয়ম ও স্বজনপ্রীতির কথা উল্লেখ করে কায়সার কামাল বলেন, বিগত দেড় দশকে সামাজিকভাবে নানা ব্যাধি আমাদের আঁকড়ে ধরেছে। দেখা গেছে, সচ্ছল ও বিল্ডিংয়ের মালিকরাও ফ্যামিলি কার্ড পেয়েছেন। আমরা সেই অনিয়ম থেকে বেরিয়ে এসে একটি স্বচ্ছ ও সুশৃঙ্খল ব্যবস্থা গড়ে তুলতে চাই।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমি এখন অত্যন্ত বিনয়ের সঙ্গে অনুরোধ জানাচ্ছি। কিন্তু কোনো ধরনের অনিয়ম বা ঘুষের অভিযোগ উঠলে আর বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। সরাসরি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মনে রাখবেন, আইনের হাত আমাদের সবার চেয়ে লম্বা।’

সভায় জানানো হয়, দুর্গাপুর উপজেলায় ফ্যামিলি কার্ডের শুমারি ও তথ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মোট ১০৭ জন কর্মী মাঠপর্যায়ে কাজ করছেন। এর মধ্যে ৯৭ জন তথ্য সংগ্রহকারী এবং ১০ জন সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন।

কাজে যেকোনো ধরনের জটিলতা বা পরামর্শের জন্য মাঠকর্মীদের সংশ্লিষ্ট উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে যোগাযোগ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত