মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও সাত মাসে ৪ লাখ ৩৪ হাজার কর্মী বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সামনের দিনগুলোতে শ্রমবাজারে আরও ভালো ফলাফল দেখা যাবে বলে আশা প্রকাশ করে মন্ত্রী বলেন, বিদেশগামী কর্মীদের অবশ্যই দক্ষ হয়ে প্রবাসে যেতে হবে। প্রবাসী কর্মীদের সুবিধার্থে এখানে দ্রুত একটি ইমার্জেন্সি চিকিৎসাকেন্দ্র স্থাপন করতে হবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রবাসী কর্মীদের লাগেজ পরিবহনের জন্য ট্রলি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ও প্রবাসী কল্যাণ ডেস্ক পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।
ইতোমধ্যে চিকিৎসা কেন্দ্রের স্থান নির্বাচনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রবাসী কর্মীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিতে সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
সময়সূচি বিপর্যয় বা ফ্লাইট বিলম্বের কারণে প্রবাসী যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয় জানিয়ে মন্ত্রী বলেন, বিমানবন্দর শহর থেকে দূরে অবস্থিত হওয়ায় তাদের থাকা-খাওয়া নিয়ে সমস্যা আরও বাড়ে। এ সমস্যা দূর করতে বিমানবন্দরের পাশে রেস্টহাউস নির্মাণের পরিকল্পনা রয়েছে, যাতে যাত্রীরা যেকোনো পরিস্থিতিতে সেখানে স্বাচ্ছন্দ্যে অবস্থান করতে পারেন।
অনুষ্ঠানে পপ্রবাসীদের আইনি সহায়তা জোরদার করার লক্ষ্যে চট্টগপ্রাম জেলা পপ্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা একটি প্রস্তাব উত্থাপন করেন। মন্ত্রী প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন এবং প্রবাসীদের আইনি সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এসময় মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদারসহ মন্ত্রণালয়, চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিমানবন্দর পরিচালনা কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা।