অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের ৫৩.০০.০০০০.০০০.৩১১.১১.০০০৯.১৭.৬৭৮ নম্বর প্রজ্ঞাপন মোতাবেক ১ অক্টোবর ২০২৬ তারিখ বৃহস্পতিবার অধ্যাপক (অবসরপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) চেয়ারম্যান পদে যোগদান করেছেন।
মো. রফিকুল ইসলাম বাংলাদেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ, অধ্যাপক ও লেখক। তিনি দেশের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিশেষ করে অর্থনীতি বিষয়ে তাঁর দীর্ঘদিনের শিক্ষকতা ও গবেষণাকর্ম তাঁকে একজন সম্মানিত একাডেমিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে। একাডেমিক নেতৃত্বের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদেও তিনি দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৭৭ সালের ১০ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে তিনি শিক্ষকতা পেশায় সফলতা ও সুনামের সঙ্গে নিয়োজিত থেকে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজের কাউন্সিল মেম্বার এবং অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের চেয়ারম্যানসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
মো. রফিকুল ইসলাম ১৯৫০ সালে বগুড়া সদর উপজেলাধীন শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭০ সালে অর্থনীতি বিভাগে স্নাতক সম্মান এবং ১৯৭১ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি ১৯৭৭ সালে এমফিল ডিগ্রি অর্জন করেন। পারিবারিক জীবনে তিনি দুই পুত্র ও এক কন্যার জনক।