কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পিএম

‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য ও নানামুখী আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রামে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

এদিন জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের উপস্থিতিতে একটি র‌্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বপ্নকুঁড়ি’ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার শুরুতে উপস্থিত শতাধিক প্রবীণ ব্যক্তিকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পাশাপাশি সমাজে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কয়েকজন প্রবীণ ব্যক্তিত্বের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান প্রবীণদের সম্মান ও সুরক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, পরিবার ও সমাজে প্রবীণদের অবদান অপরিসীম। আমরা আজ যে অবস্থানে দাঁড়িয়ে আছি, তা প্রবীণদের ত্যাগ, শ্রম ও দিকনির্দেশনার ফল। প্রবীণরা সমাজের অনাদৃত কোনো অংশ নন; বরং তারা অভিজ্ঞতা ও প্রজ্ঞার বাতিঘর।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান মণ্ডল, শহর সমাজসেবা কর্মকর্তা আবু সুফিয়ান, প্রবীণ হিতৈষী সংঘের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা উদয় শংকর চক্রবর্তী, সাধারণ সম্পাদক অধ্যাপক আফতাব উদ্দিন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুনীল চন্দ্র বর্মন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. আর রাফি তামজিদ।

এ ছাড়া জেলা সমাজসেবা কার্যালয়ের মেহেদী হাসান দিনার, ফ্রেন্ডশিপের প্রতিনিধি মাহামুদুল হাসান ও উম্মে সালমা বেগমসহ সমাজসেবা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত