প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহায়ক উপকরণ সরবরাহ ও কর্মসংস্থানের সুযোগ শক্তিশালী করতে এম এম ইস্পাহানি লিমিটেড এবং বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিজঅ্যাবিলিটি নেটওয়ার্কের (বিবিডিএন) মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকায় এ সমঝোতা স্মারক সই করা হয়। ‘অ্যারাইজ—অ্যাসিস্টিভ রিসোর্স ইন্টিগ্রেশন ফর স্কিলস অ্যান্ড এমপ্লয়মেন্ট’ প্রকল্প বাস্তবায়নে এ অংশীদারত্ব করা হয়েছে। প্রকল্পটির আওতায় এম এম ইস্পাহানি লিমিটেড প্রতিবন্ধী ব্যক্তিদের উপযোগী সহায়ক উপকরণ সরবরাহ এবং নিয়োগদাতাদের প্রস্তুতিমূলক অবহিতকরণ কার্যক্রমে সহায়তা করবে। প্রকল্পের বাস্তবায়ন সহযোগী হিসেবে কাজ করবে বিবিডিএন।
চুক্তি সই অনুষ্ঠানে এম এম ইস্পাহানি লিমিটেডের জেনারেল ম্যানেজার—এইচআর অ্যান্ড অ্যাডমিন ফারহানা আফরীন বলেন, ‘আমরা বিশ্বাস করি, একটি অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ তৈরি করা মানে সবার জন্য অর্থবহ সুযোগ সৃষ্টি করা। অ্যারাইজ প্রকল্পের আওতায় বিবিডিএনের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের উপযোগী সহায়ক উপকরণ ব্যবহারের সুযোগ তৈরি এবং কর্মক্ষেত্রে তাদের প্রস্তুতি জোরদারে সহায়তা করতে পেরে আমরা আনন্দিত। এই উদ্যোগ প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ, স্বাধীনতা ও টেকসই কর্মসংস্থানের সুযোগ বাড়াতে এবং বাংলাদেশে আরও অন্তর্ভুক্তিমূলক কর্মশক্তি গড়ে তুলতে ভূমিকা রাখবে বলে আমরা আশা করি।’
বিবিডিএনের পরিচালক (অপারেশনস) আজিজা আহমেদ বলেন, ‘অনেক প্রতিবন্ধী ব্যক্তির জন্য উপযোগী সহায়ক উপকরণের অভাব অংশগ্রহণ ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে একটি বড় বাধা। অ্যারাইজ প্রকল্পের মাধ্যমে আমরা প্রয়োজনীয় সহায়ক উপকরণ পাওয়ার সুযোগ তৈরি করে এই ঘাটতি দূর করতে চাই। পাশাপাশি ব্যক্তিদের আরও বেশি স্বনির্ভরতা অর্জন ও কর্মসংস্থানের পথে এগিয়ে যেতে সহায়তা করাই আমাদের লক্ষ্য।’
এ অংশীদারত্বের মাধ্যমে বিবিডিএন ও ইস্পাহানি লিমিটেড প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং কর্মক্ষেত্রে একীভূত হওয়ার সুযোগ এগিয়ে নিতে কাজ করবে।
বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিজঅ্যাবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ) প্রতিষ্ঠিত একটি অলাভজনক ট্রাস্ট। এটি প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (ওপিডি), বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) এবং উন্নয়ন সহযোগীদের সহায়তায় গঠিত নিয়োগদাতা ও নিয়োগদাতা সংগঠনগুলোর একটি সদস্যভিত্তিক নেটওয়ার্ক।
বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক কর্মশক্তি গড়ে তুলতে বিবিডিএন কাজ করে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, কর্মক্ষেত্রে প্রবেশগম্যতা এবং অন্তর্ভুক্তিমূলক ব্যবসায়িক চর্চা এগিয়ে নিতে নিয়োগদাতাদের সহায়তা করে।